আবার কোচের সন্ধানে বাফুফে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈঠকটা হতে পারত বাফুফে ভবনে। কিন্তু এটির গুরুত্ব এতই বেশি হয়ে গেল যে কাল সাতসকালেই কাজী সালাউদ্দিনের বাসায় ছুটে যান বাদল রায়। মূল আলোচ্য, ‘কোচ নিয়ে কী করা যায়।’রুবচিচ-পর্ব সমাপ্তির পর নতুন কোচ জর্জি ইয়োভানভস্কিও পাকিস্তান যাবেন না বলে আপাতত আসতে অপারগতা জানিয়েছেন। বাফুফে পড়ে গেছে বিপদে। সভাপতি সালাউদ্দিনের সঙ্গে জরুরি বৈঠকে না বসে কী করবেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান?মেসিডোনিয়ান কোচ ইয়োভানভস্কি আসবেন কি না, বাফুফে নিশ্চিত নয়। কারণ হঠাৎই খালি হয়ে পড়ায় মেসিডোনিয়ার জাতীয় দলের কোচের চেয়ারে বসার একটা সুযোগ এসে গেছে ইয়োভানভস্কির সামনে। স্বদেশে চাকরি হয়ে গেলে বাংলাদেশে আসবেন না তিনি, এটিই স্বাভাবিক।পরিস্থিতি তাই ফের কোচের সন্ধানে নামিয়ে দিয়েছে বাফুফেকে। এজেন্টের মাধ্যমে নতুন পছন্দসই কোচ পেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই নিতে প্রস্তুত বাফুফে।সালাউদ্দিন জানাচ্ছেন, ‘আজ (কাল) আমরা নতুন দুজন কোচের ব্যাপারে আলোচনা করেছি। কিন্তু পাকিস্তানে তারাও যেতে রাজি নয়। এ অবস্থায় অন্য কোনো কোচ পাওয়া যায় কি না, সেটা দেখা হচ্ছে।’তাহলে ইয়োভানভস্কি বাদ? রুবচিচ চলে যাওয়ার পর তড়িঘড়ি করে ছয় মাস আগে পাওয়া ইয়োভানভস্কির বায়োডাটা নিয়ে নাড়াচাড়া শুরু করে বাফুফে। মেসিডোনিয়ারই আরেকজন হাইপ্রোফাইল কোচের সঙ্গে কথা পাকা হয়েছে ইয়োভানভস্কির সঙ্গে কথা পাকা হওয়ার দুই দিন আগে। ওই কোচ সবুজ সংকেত দিয়ে পরদিনই না বলে দিয়েছেন।বাদল রায়ের কথা, ‘আমরা ইয়োভানভস্কিকে ‘‘না’’ করে দিচ্ছি না। তিনি এলে তো ভালোই। নইলে বিকল্প দেখতেই হবে। তাই নতুন কোচের সন্ধানে চারদিকে যোগাযোগ শুরু করেছি। পেলে এক্ষুনি নিয়ে নেব।’সন্ত্রাসকবলিত দেশ পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে বাফুফেকে অনেক আগেই জানিয়েছিলেন রুবচিচ। কিন্তু বাফুফে ছিল নির্বিকার। পাকিস্তানে না যাওয়ার ব্যাপারটা (দুই দিন আগে ফিফাকে চিঠি লিখে ম্যাচ ঢাকায় বা অন্য কোথাও আয়োজনের আবেদন করা হয়েছে) আগেই সুরাহা করতে পারলে এখনকার এই জটিল পরিস্থিতিটা এড়ানো যেত।সুদূর মেসিডোনিয়ায় বসে ইয়োভানভস্কি সেটিই মনে করিয়ে দিলেন। কিন্তু ঢাকায় বসে তাঁর ওপর ক্ষুব্ধ সালাউদ্দিন, ‘কোচ আমাদের প্রয়োজন না মেটালে আমাদেরও ভাবতে হবে।’২৯ ও ৩ জুলাই পাকিস্তানে বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচ। ম্যাচ দুটি কোনো স্থায়ী কোচ ছাড়াই খেলার সম্ভাবনা বেশি বাংলাদেশের। তবে ম্যাচের আগেই ‘বিদেশি কোচ আনব’ ধনুকভাঙা পণ করেছেন বাদল রায়, ‘বিশ্বব্যাপী অনেক কোচই এখন ফ্রি আছে। সামনে পছন্দনীয় কোচ না-ও পেতে পারি। এ জন্যই এখন কোচের জন্য উদ্গ্রীব আমরা। পছন্দনীয় কোচ পেলে নিয়ে নেব।’এভাবে অল্প টাকার কোচ এনে আদতে কোনো লাভ হবে না, বলছেন খোদ সালাউদ্দিনই, ‘৪-৫ হাজার ডলারের কোচ এ দেশে এসে থাকবে কেন? আমি মনে করি, ইয়োভানভস্কি বা এই টাকায় অন্য কোচ এলেও এখানে টিকবে না। একে তো কোচ পারফর্ম করতে পারবে না, অন্যদিকে অল্প বেতন—কিছুদিন পর কোচ একটা বাহানা করে চলে যাবে।’দীর্ঘ সময় নিয়ে কোচ রাখার উপায়টা কী তাহলে? প্রথমত, কোচকে কাজ দিতে হবে। নিয়মিত বেতন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বাফুফের শীর্ষ কর্তারা এসব জানেন। কিন্তু বাস্তবায়ন করতে পারছেন কই?‘আর্থিক সংকটের কারণে আমরা অল্প বেতনের কোচ আনি, এভাবে কোচ এনে কখনোই রাখতে পারব না। ইয়োভানভস্কি বা যিনিই আসুন, অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন। কোচের বেতনের জন্য আমরা স্পনসর খুঁজব।’বায়োডাটা দেখে তড়িঘড়ি কোচ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সালাউদ্দিন। কিন্তু এখনো সেই বায়োডাটা-নির্ভর কোচই নেওয়া হচ্ছে। তারই ফল—এত নাটকীয়তা।