আবার কোর্টে ফিরছেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকতে হয়েছে রাফায়েল নাদালকে। এ বছরের বড় তিনটি প্রতিযোগিতা—লন্ডন অলিম্পিক, ইউএস ওপেন ও ডেভিস কাপে অংশ নিতে পারেননি স্পেনের এই টেনিস তারকা। তবে অবশেষে ইনজুরি কাটিয়ে আবার কোর্টে ফিরতে যাচ্ছেন নাদাল। এ মাসের শেষে আবুধাবি প্রদর্শনী টুর্নামেন্টে আবার টেনিস অঙ্গনে ফিরবেন বলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে জানিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়।এ বছরের জুনে শেষবারের মতো টেনিস কোর্টে দেখা গিয়েছিল রাফায়েল নাদালকে। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে লুকাস রোসোলের কাছে আকস্মিকভাবে হেরে বিদায় নিয়েছিলেন ১১ বারের গ্রান্ডস্ল্যামজয়ী এই টেনিস তারকা। তারপর থেকে ইনজুরির কারণে আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি। তবে দীর্ঘদিন পর আবারও টেনিস কোর্টে ফেরার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নাদাল। নিজের ফেসবুক ও টুইটারের অ্যাকাউন্টের মাধ্যমে নাদাল বলেছেন, ‘এই মাসের শেষে আবুধাবিতে আবার কোর্টে ফেরার জন্য অপেক্ষা করছি। ২০১০ ও ১১ সালে মুবাডালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলাম। এ বছর আরও একবার শিরোপাটা হাতে নিতে পারলে বেশ ভালোই লাগবে।’ইনজুরি কাটিয়ে গত নভেম্বর থেকে আবারও অনুশীলন শুরু করেছিলেন রাফায়েল নাদাল।—টাইমস অব ইন্ডিয়া