আবার খাদে ক্লার্কের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড ভাঙা একটি জুটি, চেতেশ্বর পূজারার আরেকটি ডাবল সেঞ্চুরি। সব হারিয়ে অস্ট্রেলিয়ান স্পিনারদের হঠাৎ জ্বলে ওঠা। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের আবার স্পিন-পরীক্ষা। দিনভর ঘটনার ঘনঘটা, দিন শেষের সমীকরণ অবশ্য সেই পুরোনোই। তৃতীয় দিন শেষেই জয় দেখছে ভারত, অস্ট্রেলিয়ার লড়ছে ইনিংস পরাজয় এড়াতে। ভারতকে আবার ব্যাটিংয়ে নামাতেই এখনো ১৯২ রান করতে হবে, হাতে উইকেট ৮টি।দিনের শুরুটায় ভারত মেনেছে আগের দিনের সফল চিত্রনাট্য। সাবধানী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে এসেছিল মাত্র ২১ রান। আগের দিনের মতোই সময়ের সঙ্গে ছুটেছে স্ট্রোকের ফুলঝুরি। সিডলের বলে একটি রান চুরি করে মুরালি বিজয় ক্যারিয়ারের প্রথম দেড় শ ছুঁয়েছেন ৩৩২ বলে। জুটির ট্রিপল সেঞ্চুরি হয়ে গেছে এর অনেক আগেই, দিনের চতুর্থ ওভারে। আগের একমাত্র টেস্ট সেঞ্চুরিতেও তিন শ রানের একটি জুটি গড়েছিলেন বিজয়। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ২০১০ সালে। বেঙ্গালুরুতে সেবার ৩০৮ রানের জুটিতে সঙ্গী ছিলেন শচীন টেন্ডুলকার।বিজয়ের বিদায়েই ভেঙেছে ৩৭০ রানের ম্যারাথন জুটি। ম্যাক্সওয়েলকে প্রথম উইকেট উপহার দিয়ে বিজয় ফিরেছেন ১৬৭ রানে। দ্বিতীয় উইকেটে ভারতের রেকর্ড জুটি হয়ে গেছে অবশ্য অনায়াসেই। আগের সর্বোচ্চ ৩৪৪ রানের জুটি ছিল সুনীল গাভাস্কার ও দিলীপ ভেংসরকারের, ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়। ১৭২ রানে জোরালো এলবিডব্লুর আবেদনে বেঁচে যাওয়া পূজারা দ্বিশতক হাতছাড়া করেননি। ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে দারুণ এক ফ্লিকে দুই শ ছুঁয়েছেন ৩৩২ বলে। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি আছেন দ্রাবিড়ের পথেই, লম্বা ইনিংস খেলতে জুড়ি নেই। ১১ টেস্টে দুটি ডাবল হয়ে গেল, বাকি দুই সেঞ্চুরি ১৫৯ ও ১৩৫! আউট হয়েছেন অবশ্য পরের ওভারেই, প্যাটিনসনের বাউন্সারে হুক করে নিচে রাখতে পারেননি। লেগ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আরেকবার হতাশায় পুড়েছেন-পুড়িয়েছেন শচীন টেন্ডুলকার। ধোনি খেলেছেন ধোনির মতোই, ৪৩ বলে ৮ চারে ৪৪। বিরাট কোহলির সঙ্গে চতুর্থ উইকেট জুটি ৫৬ রানের। এরপরই ধস। টার্ন-বাউন্সে ম্যাক্সওয়েল-ডোহার্টি হঠাৎই দুর্বোধ্য হয়ে উঠলেন, সঙ্গে ভারতীয় লোয়ার-অর্ডারের তাড়াহুড়ো। ৪৩ রানে নেই শেষ ৬ উইকেট। তুলাধোনা হওয়ার পর মাক্সওয়েলের অভিষেক-সান্ত্বনা ৪ উইকেট। ইনিংসের দ্বিতীয় আর অশ্বিনের প্রথম ওভারে তিনটি চার মেরে শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ধরে রাখতে পারেননি এই ধারা। অশ্বিনকে সুইপ করতে গিয়ে রাউন্ড দ্য লেগ বোল্ড হয়ে ফিরেছেন, ওয়ার্নারের আউটের রিপ্লে দেখিয়ে ফিল হিউজ। ২৯ বলে রানের খাতা খোলা এড কাওয়ান উইকেট আঁকড়ে দিন শেষ করেছেন শেন ওয়াটসনকে নিয়ে। ওয়েবসাইট, স্টার ক্রিকেট।