আবার চালু হচ্ছে নেইমারের মামলা
মাত্র মাস তিনেকই স্বস্তিতে থাকতে পারলেন নেইমার। বার্সেলোনায় তাঁর দলবদল ঘিরে দুর্নীতির মামলাটা গত জুলাইয়ে খারিজ হওয়ার তিন মাসের মাথাতেই আবারও চালু হতে যাচ্ছে।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের দলবদল নিয়ে আইন-আদালত কম হয়নি। তবে গত জুলাইয়ে মাদ্রিদের একটি আদালত বলেছিলেন, নেইমারের দলবদলে অসংগতি আছে, তবে সেটি দেওয়ানি আদালতের ব্যাপার, ফৌজদারি আদালতের নয়। তবে স্প্যানিশ কয়েকজন কৌঁসুলির আবেদনের ভিত্তিতেই গত শুক্রবার আবারও আদালতে উঠেছে মামলাটি। যাতে শুনানির সামনে দাঁড়াতে হবে নেইমার, তাঁর বাবা-মা ও দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোসকে।
মামলাটি করেছিল ব্রাজিলের বিনিয়োগ কোম্পানি ডিআইএস। সান্তোসে থাকার সময় নেইমারের স্বত্বের ৪০ শতাংশ মালিকানা ছিল কোম্পানিটির। ডিআইএসের দাবি, বার্সেলোনায় নেইমারের দলবদলের ফি কম দেখিয়ে তাদের ঠকানো হয়েছে। এমনকি দলবদলের দুই বছর আগেই নেইমারের সঙ্গে বার্সা আলাদা চুক্তি করে রেখেছিল বলে দাবি করেছে ব্রাজিলিয়ান কোম্পানিটি।
বার্সেলোনা স্বাভাবিকভাবেই মামলাটি আবারও চালু হওয়ায় হতাশ। দুর্নীতির মামলার বাইরে এই দলবদলকে ঘিরে কর ফাঁকির মামলাও ছিল। গত মাসে স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা অনুযায়ী ৫৫ লাখ ইউরো কর দিয়ে সেটির দফারফা করেছে বার্সা। এখন দুর্নীতির মামলাটি আবারও চালু করার ব্যাপারে আদালত যে আদেশ দিয়েছেন, সেটির বিরুদ্ধেও আপিল করবেন বলে জানিয়েছ কাতালান ক্লাবটি। এএফপি।