আবার চূড়ায় উঠে সাকিবের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সোহাগ গাজীর ইতিহাস গড়ার টেস্ট। মুমিনুল হকের নিজেকে ছাড়িয়ে যাওয়ার টেস্ট। বাংলাদেশের অনেক প্রাপ্তির টেস্ট। কিন্তু চট্টগ্রাম টেস্ট সাকিব আল হাসানের জন্য কী?
পঞ্চম দিন পর্যন্ত বলাবলি হচ্ছিল এটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে টেস্ট কি না। শুধু পারফরম্যান্স নয়, শরীরী ভাষাটাও ছিল কেমন ম্রিয়মাণ। চোট কাটিয়ে ফেরার ধকলের ছাপ ছিল স্পষ্ট। কিন্তু ম্যাচের শেষ বিকেলে খানিকটা ঝলক ঠিকই দেখালেন ব্যাট হাতে। ৩৯ বলে ফিফটি করে বুঝিয়ে দিলেন পুরো ফিট না হয়েও তিনি কম যান না। তখন পর্যন্ত ওই ফিফটিটি ছিল প্রাপ্তির ঝুলিতে সামান্য কিছু। টেস্ট শেষের চার দিন পর ওই ফিফটির মহিমা বেড়ে গেল আরও। ওই ফিফটিই যে আবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে আনল সাকিবকে!

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইটা কিছুদিন ধরেই হয়ে গেছে ‘কে কত কম খারাপ করে।’ এবারও ব্যতিক্রম নয়। খোলাসা করে বললে, সাকিব আদতে জ্যাক ক্যালিসকে টপকাননি, বরং ক্যালিসই সাকিবের পেছনে পড়ে গেছেন। রেটিং পয়েন্ট কমেছে দুজনেরই! চট্টগ্রামে ব্যাট হাতে সাকিব করেছেন ১৯ ও অপরাজিত ৫০, বল হাতে ২ উইকেট। রেটিং পয়েন্ট ৬ কমে হয়েছে ৩৪৯। আবুধাবিতে ক্যালিসের উইকেট নেই একটিও, ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৫ ও ০। রেটিং পয়েন্ট ৩৫ কমে হয়ে গেছে ৩৪৭। তিনে থাকা রবিচন্দ্রন অশ্বিন বেশ খানিকটা পেছনে ৩২১ পয়েন্ট নিয়ে।

তবে যেভাবেই হোক, সবচেয়ে বড় সত্যি হলো, সাকিব আবার চূড়ায়। সোহাগের অর্জন, চট্টগ্রামে বাংলাদেশের ভালো খেলা, সঙ্গে ধর্মীয় দুটি উৎসব মিলিয়ে এমনিতেই দেশের ক্রিকেটে উৎসবের আবহ। তাতে নতুন করে রং ছড়িয়েছে সাকিবের শীর্ষস্থান ফিরে পাওয়া। এই কারণে হোক বা চোটের ধকল কেটে যাওয়ায়, কাল অনুশীলনে সাকিবকে মনে হলো বেশ চনমনে। ঈদের ছুটির পর দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলন শুরু হয়েছে কাল। ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং করলেন। এমনিতে সংবাদমাধ্যমের সামনে নিজেকে গুটিয়ে রাখা সাকিব কাল অনেকটাই খুলে দিলেন মনের কপাট!
ব্যক্তিগত অর্জনগুলো নিয়ে এমনিতে বেশির ভাগ সময়ই নিস্পৃহই দেখা গেছে তাঁকে। এবারও এটিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তবে ‘এক নম্বর’ শব্দ যুগল তো অনেকটা ম্যাজিকের মতো! সেই ম্যাজিকের ছোঁয়াটাও অস্বীকার করলেন না, ‘র‌্যাঙ্কিং শীর্ষে ওঠা আমার কাছে খুব একটা অর্থ বহন করে না। আবার করেও! নিজেকে শীর্ষে দেখলে ভালো লাগে তো অবশ্যই। নিজেকে অনুপ্রাণিত করা সহজ হয়। লড়াইটা যখন বড় বড় ক্রিকেটারদের সঙ্গে, ওদের চেয়ে ভালো করতে হবে, এসব ব্যাপার অনুপ্রেরণা জোগায় অবশ্যই।’

‘বড় বড়’ ক্রিকেটারদের সঙ্গে লড়াইটা যখন, নিজমুখেই বললেন, ক্যালিস-ওয়াটসনদের সঙ্গে তুলনাটাও চলে আসে আপনাআপনি। তবে সরাসরি সেই তুলনায় যেতে চাইলেন না, ‘এভাবে তুলনা করা ঠিক হবে না। যার যার জায়গায় সে সেরা। সবাই দলের জন্য সেরা পারফর্ম করার চেষ্টা করে। আমার মনে হয় না ক্রিকেটাররা র‌্যাঙ্কিং নিয়ে খুব বেশি ভাবে।’

চট্টগ্রাম টেস্টে ওই ফিফটির আগেও একবার দৃশ্যপটে ছিলেন সাকিব। তাঁর হাত ধরেই তো জন্ম হলো ইতিহাস! ঝাঁপিয়ে পড়ে এক হাতে নেওয়া তাঁর দুর্দান্ত ক্যাচেই হ্যাটট্রিক হয়েছিল সোহাগের। এত দিন তাঁর অর্জন গর্বিত করত সতীর্থদের। এবার সতীর্থের অর্জনে গর্বিত সাকিব, ‘ওই ক্যাচটা ধরে খুব ভালো লেগেছে। এমন একটা অর্জন সব সময় হয় না। গাজী অনন্য এক ইতিহাস গড়েছে। সেটার একটা অংশ হতে পারাটাও দারুণ ব্যাপার।’
সোহাগের কীর্তি, সাকিবের প্রতিক্রিয়া সবকিছুতেই বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার ইঙ্গিত। সাকিব-তামিম-মুশফিকের বড় কোনো অবদান ছাড়াই টেস্ট জয়ের মতো অবস্থায় চলে যায় বাংলাদেশ। দলের এই এগিয়ে যাওয়া দারুণ উপভোগ করছেন সাকিব, ‘আমার যখন শুরু হয়েছিল, আমাদের লক্ষ্য থাকত পাঁচ দিন খেলা। এরপর ড্র করা। এখন মাঠে নামি জয়ের জন্য। আস্তে আস্তে এভাবেই আরও এগিয়ে যাব আমরা।’

নিউজিল্যান্ড সিরিজ জয় হতে পারে সেই এগিয়ে যাওয়ার প্রমাণ। আর ক্যালিসের মাত্র ২ পয়েন্ট এগিয়ে থাকা সাকিবের জন্য সুযোগ নিজের শ্রেষ্ঠত্বকে সংহত করার। ঢাকা টেস্ট তাই সাকিবের জন্য যেমন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বাংলাদেশের জন্যও। সাকিব চ্যালেঞ্জে জিতলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাও বেড়ে যায় অনেক!