আবার চোট কামিন্সের
প্রধান নির্বাচক বলেছেন শেফিল্ড শিল্ডে খেলে ফিটনেসের প্রমাণ দিতে। সেটার আর প্রয়োজন হলো না। চোটের কারণে শিল্ড ম্যাচে যে খেলতেই পারছেন না প্যাট কামিন্স! ভেবেছিলেন শুক্রবার শুরু ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলবেন কুইন্সল্যান্ডের হয়ে। ম্যাচের ভেন্যুতে সিডনিতে গিয়েছিলেনও। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে বয়ে আনা চোটটাও ভোগাচ্ছিল। বিমানবন্দর থেকেই ছুটলেন পিঠটা পরীক্ষা করাতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিসের সঙ্গেও কথা বলেছেন। সেটারই ফলাফল, চোটের ধরনটা পুরোপুরি বোঝার আগে আর মাঠে নামতে পারছেন না কামিন্স। স্ক্যান রিপোর্ট এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সিরিজেও টেস্ট খেলা হচ্ছে না ১৯ বছর বয়সী পেসারের। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেকেই ম্যাচ-সেরা হওয়ার পর চোটের কারণে আর কোনো টেস্ট খেলা হয়নি কামিন্সের। ওয়েবসাইট।