আবার চোট মাশরাফির আজ যাচ্ছেন শামসুর
কারও পৌষ মাস, কারও সর্বনাশ। আজ যেমন এক উড়ানে দেশে ফিরছেন তামিম ইকবাল, আরেক উড়ানে শ্রীলঙ্কা যাচ্ছেন শামসুর রহমান। তামিমের চোটই সুযোগ করে দিল শামসুরকে। এবারের বিপিএলে ১২ ম্যাচে ৬ ফিফটিতে ৪২১ রান করেছেন ২৪ বছর বয়সী ওপেনার। তামিমের সঙ্গেই বুঝি লেখা আছে শামসুরের জাতীয় দল ভাগ্য। সর্বশেষ বাংলাদেশ স্কোয়াডে এসেছিলেন এই তামিমের চোটের কারণেই। ২০১০ সালের ইংল্যান্ড সফরে সাকিবের জলবসন্ত আর চোটে তামিমের খেলা নিয়ে সংশয় জাগলে টেস্ট দলে ডাকা হয়েছিল ডানহাতি ব্যাটসম্যানকে। এর আগে ইংল্যান্ডে ২০০৯ টি-টোয়ন্টি বিশ্বকাপের দলেও ছিলেন শামসুর। তবে আন্তর্জাতিক অভিষেক এখনো হয়নি। তামিম চোট পেয়েছেন গত পরশু প্রথম ওয়ানডেতে, কুশল পেরেরার বল থামাতে গিয়ে। সূক্ষ্ম চিড় ধরা পড়ে ডান হাতের বুড়ো আঙুলে।শেষ নয় এখানেই, দুঃসংবাদ আরও আছে। অ্যাঙ্কেলের চোটে শ্রীলঙ্কা সফরে যেতে না-পারা মাশরাফি বিন মুর্তজা কাল নতুন করে চোট পেয়েছেন অ্যাঙ্কেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে ব্যাটিং করার সময় পেসার মাহবুবুল আলমের একটি বল এসে লাগে তাঁর অ্যাঙ্কেলের ঠিক ওপরে। সঙ্গে সঙ্গে ফুলে যায় জায়গাটা। সঙ্গে তীব্র ব্যথা। কোনো এমআরআই বা এক্স-রে অবশ্য করানো হয়নি কাল। মাশরাফির ধারণা, চোটটা তেমন গুরুতর নয়, চিড় ধরেনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও এমনটাই ভাবছেন। তবে সুখবর একটাই, সেরে ওঠার পথে অগ্রগতি ভালোই হচ্ছে সাকিব আল হাসানের। গত পরশু থেকে দৌড়ানো শুরু করেছেন। সাকিবের আশা, এভাবে উন্নতি হতে থাকলে জিম্বাবুয়ে সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন। দলে এত এত চোট-সমস্যার জন্য সাকিবের কাঠগড়ায় বেশি বেশি খেলা। তবে এর মধ্যে একটা ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও এবার ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি খেলা হয়েছে। এ জন্যই হয়তো এত চোট-সমস্যা। তবে আরেক দিক থেকে ভালোও হয়েছে। যারা জাতীয় দলের আশপাশে বা পাইপলাইনে আছে, তারা সুযোগ পাচ্ছে খেলার। এটা ওদের প্রমাণের সুযোগ।’