আবার জয়ী পুত্রপ্রেম
এক দিন আগেই জেনেছেন, একজন মায়ের কাছে দেশের চেয়েও বড় তাঁর সন্তান। ইতালিকে বাদ দিয়ে ফ্যাবিও ক্যাপেলোর মা তাই এবার ইংল্যান্ডকেই সমর্থন জানাবেন। সন্তানের প্রতি মা-বাবার আবেগের বুঝি তুলনা হয় না। এবার সেটি প্রমাণ করে দিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ব্র্যাড জোন্স। অসুস্থ সন্তানের পাশে থাকতে বিশ্বকাপ-স্বপ্ন জলাঞ্জলি দিয়েছেন এই ফুটবলার। ৪ বছরের ছেলে লুকা মৃত্যুপথযাত্রী। জোন্সের পরিবার থাকে ফ্রান্সে। সেখানেই ছেলেকে দেখতে গিয়েছিলেন। কথা ছিল লুকার অবস্থার উন্নতি হলে দলে ফিরবেন। কিন্তু আর ফেরা হচ্ছে না তাঁর। এরই মধ্যে অনুরোধ করে বিশ্বকাপের দল থেকে প্রত্যাহার করে নিয়েছেন নাম। জানা গেছে, লুকার অবস্থা আরও অবনতির দিকে। এই অবস্থায় আর যা-ই হোক, একজন বাবার পক্ষে বিশ্বকাপ-স্বপ্ন বড় হতে পারে না। তাই বিশ্বকাপ খেলার আজন্ম স্বপ্নকে বিসর্জন দিয়ে থেকে যাচ্ছেন ছেলের পাশে। পরম মমতায় বিলি কেটে দিচ্ছেন চুলে। শিরোপা যে-ই জিতুক, একদিক দিয়ে পিতা জোন্সের জয় হয়েই গেছে! এএফপি।