আবার টেন্ডুলকারকে নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের অবসর নিয়ে ওঠা প্রশ্নটা আবার জোরালো। প্রশ্নটাকে উসকে দিলেন ভারতের সাবেক দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব। গত রোববার আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টেন্ডুলকার। এর পরই গাভাস্কার বলেছেন, টেন্ডুলকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে নির্বাচকদের অথবা তাঁর নির্বাচকদের সঙ্গে কথা বলা উচিত। গাভাস্কারের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন পরে কপিল।শত সমালোচনার ঝড়েও গাভাস্কারের সমর্থন এর আগে টেন্ডুলকার সব সময়ই পেয়ে এসেছেন। কিন্তু গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টেন্ডুলকার যখন টানা তিনবার পেস বলে অল্প রানে বোল্ড হলেন, তখনই প্রথম প্রশ্ন তোলেন গাভাস্কার। বলেন, বয়সের কারণেই হয়তো টেন্ডুলকারের পা আর আগের মতো চলছে না।ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টেন্ডুলকার তিন ইনিংসে মাত্র ২৯ রান করেছেন। আহমেদাবাদে একমাত্র ইনিংসে ১৩ রান করে আউট হয়েছেন। মুম্বাইয়ে ঘরের মাঠে নিজের ১৯২তম টেস্টের দুই ইনিংসে সমান ৮ রান করে মোট ১৬ করেছেন। এবং দুবারই তিনি বাঁহাতি স্পিনার মন্টি পানেসারের শিকার। প্রথম ইনিংসে বোল্ড, দ্বিতীয় ইনিংসে এলবিডব্লু। এটি দেখে নির্বাচকদের প্রতি আহ্বানই জানালেন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার জন্য, ‘টেন্ডুলকার দীর্ঘদিন ধরে খেলছে। সে ধারাবাহিকও। অল্প সময়ের রানখরা কিংবা হাফ সেঞ্চুরি না পাওয়াটা সমালোচকদের প্রশ্ন তোলার সুযোগ করে দেবে। দিন শেষে দায়িত্বটা নিতে হবে নির্বাচকদেরই। আমার আশা, নির্বাচকেরা সম্ভবত টেন্ডুলকারের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে থাকবেন এবং তারপর একটা সিদ্ধান্ত নেবেন।’ তবে গাভাস্কার একই সঙ্গে আশাবাদী, সমালোচকদের মুখ বন্ধ করে খুব শিগগিরই রানে ফিরবেন টেন্ডুলকার।গাভাস্কারের কথারই প্রতিধ্বনি করেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কপিল দেব, ‘হয় নির্বাচকদের উচিত তার সঙ্গে কথা বলা, নয়তো শচীনেরই উচিত নির্বাচকদের সঙ্গে কথা বলা। সমস্যা হলো, শচীন এ নিয়ে খোলামেলা কথা বলে না। আর নির্বাচকেরাও এখনো পর্যন্ত মুখ খোলেননি। ফলে মাঝখান থেকে সমর্থকেরা বিভ্রান্ত হয় এবং সমালোচনার দরজা খুলে য়ায়, বিশেষ করে শচীন যখন খারাপ করে। নির্বাচকদের উচিত তার সঙ্গে খোলামেলা কথা বলা। সে (শচীন) একজন নায়ক। তার দিকে আঙুল উঠছে দেখলে সত্যিই খারাপ লাগে।’টেস্টে টেন্ডুলকার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১১ সালের জানুয়ারিতে, কেপটাউনে। এরপর ২৮ ইনিংসে সেঞ্চুরিহীন টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির মালিক। সর্বশেষ ১০ ইনিংসে ৩৯ বছর বয়সী করেছেন মাত্র ১৫৩ রান, গড় ১৫.৩০! সর্বোচ্চ ২৭!রানখরার এই সময়টায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আছে টেন্ডুলকারের পাশেই। বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার কথা, ‘যখন তার মনে হবে এটাই অবসর নেওয়ার সেরা সময়, তখনই সে বুট জোড়া তুলে রাখবে। এ নিয়ে তার কোনো রকম পরামর্শ-উপদেশ নেওয়ার দরকার নেই। তার পারফরম্যান্স নিয়ে মন্তব্য করার আগে তার রেকর্ড এবং অতীত পারফরম্যান্সের দিকে তাকানো উচিত।’ কপিল দেব অবশ্য টেন্ডুলকারকে নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দাবি করেছেন, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরই টেস্ট দলে জায়গাটা প্রশ্নবিদ্ধ। ওয়েবসাইট।পন্টিংয়ের পাশে আর্থার০ ৪ ১৬! না, ফোন নম্বর নয়। অস্তিত্বের চ্যালেঞ্জ নিয়ে এই সিরিজ শুরু করা রিকি পন্টিংয়ের তিনটি ইনিংস। তিন ইনিংস মিলিয়ে ২০ রান। পন্টিং সিরিজের শেষ টেস্টে থাকছেন তো!অস্ট্রেলীয় মিডিয়ায় প্রশ্নটা উঠে পড়েছে। ভারতীয় মিডিয়ার মতো অবশ্য শোরগোল সেখানে নেই। শচীন টেন্ডুলকারের তুলনায় সেদিক দিয়ে পন্টিং স্বস্তিতে আছেন। দুজন এ সময়ের তো বটেই, সর্বকালের সেরাদের তালিকায় থাকবেন। টেস্টের সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে এই দুজনেরই নাম। টেন্ডুলকারের সঙ্গে পন্টিং মিললেন আরেকটি মোহনায়—দলে জায়গা নিয়ে তিনিও ভীষণ চাপের মুখে। সর্বশেষ নয় ইনিংসে মাত্র একটি ফিফটি। ভারতের অস্ট্রেলিয়া সফর বাদ দিলে গত অ্যাশেজ থেকেই পন্টিংয়ের ব্যাটে রানখরা। অ্যাশেজে গড় ছিল ১৬.১৪, শ্রীলঙ্কা সফরে ৩১, দক্ষিণ আফ্রিকা সফরে ১৭.৫০, ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৪.৩৩। এর মধ্যে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গড় ‘ভালো’ ছিল—৩৩!পন্টিং অবশ্য টেন্ডুলকারের সঙ্গে এক জায়গায় পার্থক্য গড়ে দিয়েছেন। তিনি শেষের সীমারেখা টেনেই রেখেছেন। আগামী অ্যাশেজে খেলেই অবসর নিতে চান আপাতত শুধু টেস্ট খেলা সাবেক অধিনায়ক। কিন্তু এই সিরিজে ভালো না করতে পারলে পন্টিংয়ের সেই চাওয়া পূরণ হবে কি?৫২.২১ গড়ে ১৩ হাজার ৩৬৬ রান করা পন্টিংয়ের পাশে দাঁড়াচ্ছেন মিকি আর্থার। অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ পন্টিংকে এই বলে অভয় দিচ্ছেন, আগামী অ্যাশেজ পর্যন্ত নিশ্চিন্তে খেলে যেতে পারেন পন্টিং। অনেক রথী-মহারথীকে এর আগে অস্ট্রেলীয় নির্বাচকেরা ছুড়ে ফেলেছেন ঠিকই। কিন্তু পন্টিংয়ের বেলায় তাঁরা খড়্গহস্ত হবেন না। পন্টিং নিজে অবশ্য কদিন আগে বলেছিলেন, রান না পেলে আগামী জুলাই-আগস্টের অ্যাশেজে খেলার আশা করেন না।যদিও আর্থার বলছেন, ‘আমরা সর্বসম্মতভাবে রিকিকে সমর্থন দিচ্ছি, ও যেন রানে ফেরে। ও নিজেই বলেছে, পার্থ ওর জন্য বড় পরীক্ষা। কিন্তু রিকি এর জন্য ভালোভাবে প্রস্তুতিও নিচ্ছে। আমরা যা যা চাইছি, ও এর সবই প্রায় করছে।’ আগামী পরশু পার্থে শুরু হতে যাওয়া টেস্টেই পন্টিং ফর্মে ফিরবেন বলে আশাবাদী কোচ, ‘পার্থের জন্য সম্ভব সব রকম প্রস্তুতিই সে নিচ্ছে। কোনো সন্দেহ নেই, পার্থে ওর কাছে বড় স্কোর আশা করছি।’ এএফপি।