আবার টেস্ট ছাড়ছেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ শুরুর আগেই দ্য উইজডেন ক্রিকেটারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘টেস্টে ফিরেছি দলের প্রয়োজনে। যদি মনে করি, টেস্ট খেলার মতো অবস্থায় নেই, তাহলে একদিনও থাকব না।’ চার বছর পর ফিরে মাত্র এক টেস্ট খেলেই নিজের অবস্থা বুঝে ফেললেন শহীদ আফ্রিদি। কাল লর্ডস টেস্ট শেষ হওয়ার পরপরই জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের টেস্টটা হতে যাচ্ছে তাঁরও শেষ টেস্ট। ২১ জুলাই শুরু এই হেডিংলি টেস্টে খেলাটাও অবশ্য অনিশ্চিত। ঊরুতে যে চোট পেয়েছেন।গত ২৫ মে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার আগে নাটকের চূড়ান্ত করেছিলেন। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে পরদিনই আবার ডিগবাজি খেলেন। চার বছর পর অধিনায়ক হিসেবে ফিরে দুই ইনিংসে করতে পেরেছেন ৩১ ও ২; উইকেট পাননি একটিও। দুই ইনিংসেই আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। এই হঠাৎ অবসরের কারণ জানালেন স্কাই স্পোর্টসকে, ‘টেস্টে ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু বোর্ড চেয়েছিল বলে ফিরতে হয়েছে। কিন্তু বুঝতে পারছি, টেস্টের উপযুক্ত মেজাজ আমার নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি আমি দারুণ উপভোগ করছি, এখন শুধু এগুলোতেই মনোযোগ দিতে চাই। চার বছর পর ফিরে টেস্ট খেলাটা কঠিন, কাজেই টেস্ট ছেড়ে দেওয়াই ভালো।’ পাকিস্তানের ক্রিকেট-নাট্যে শহীদ আফ্রিদির পর কে হচ্ছেন মুখ্য অভিনেতা? শোনা যাচ্ছে সহ-অধিনায়ক সালমান বাটের নাম। ওয়েবসাইট।