আবার ডু প্লেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারনন ফিল্যান্ডারের বলে এলবিডব্লুর ফাঁদে শেন ওয়াটসন। মাত্র ১৮ রানে ২ উইকেটের পতন। তার পরও অস্ট্রেলীয় সমর্থকেরা ক্ষণিকের জন্য উল্লাসে হাততালি দিয়ে বসলেন! আসন ছেড়ে উঠেও দাঁড়ালেন কেউ কেউ! নিজ দলের এমন বিপদের মুখেও সমর্থকদের ক্ষণিকের এই আলোড়ন, তাঁরা ভেবেছিলেন ব্যাট হাতে বুঝি রিকি পন্টিংই নামছেন। না, দিনের শেষ ছয় ওভারের জন্য আর পন্টিংকে নামায়নি অস্ট্রেলিয়া। ‘পন্টিংয়ের টেস্ট’ হয়ে ওঠা পার্থের প্রথম দিনটায় পন্টিং আড়ালেই থাকলেন। এমনকি টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ উঠেছে যাঁর হাতে, সেই পন্টিং এদিন একটা ক্যাচও নিতে পারেননি, যদিও দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটসম্যান এদিন ক্যাচ আউটেরই শিকার।পন্টিংয়ের আড়াল হয়ে যাওয়ার পর দিনটা শেষ পর্যন্ত নিজের করে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। আরও একবার দক্ষিণ আফ্রিকার ত্রাতা হয়ে দেখা দিয়েছেন আগের টেস্টে অভিষেকেই দলকে বাঁচিয়ে দেওয়া এই ২৮ বছর বয়সী। কাল ৭৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকাকে লজ্জা থেকে বাঁচিয়েছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে। অ্যাডিলেডে প্রথম ইনিংসেও ৭৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১০। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম তিনটি ইনিংসেই সত্তরোর্ধ্ব রান করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান এখন ডু প্লেসিস।সপ্তম উইকেটে রবিন পিটারসনকে নিয়ে ৫৭ এবং অষ্টম উইকেটে ফিল্যান্ডারকে নিয়ে ৬৪ রানের দুটো জুটি গড়ে ভয়াবহ শুরুর পরও দক্ষিণ আফ্রিকাকে ২২৫ রানের পুঁজি এনে দিয়েছেন। ডু প্লেসিসের এই লড়াইয়ের পর শুরুতেই অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা। নাইটওয়াচম্যান নাথান লায়ন আউট হলেই নামবেন পন্টিং। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৪ ওভারে ২২৫ (স্মিথ ১৬, পিটারসেন ৩০, আমলা ১১, ক্যালিস ২, ডি ভিলিয়ার্স ৪, এলগার ০, ডু প্লেসিস ৭৮*, পিটারসন ৩১, ফিল্যান্ডার ৩০, স্টেইন ২, মরকেল ১৭; স্টার্ক ২/৫৫, হেস্টিংস ১/৫১, ওয়াটসন ১/২২, জনসন ২/৫৪, লায়ন ৩/৪১)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১ ওভারে ৩৩/২ (ওয়ার্নার ব্যাটিং ১২, কাওয়ান ০, ওয়াটসন ১০, লায়ন ব্যাটিং ৭; স্টেইন ১/২১, ফিল্যান্ডার ১/৮)।