আবার তেভেজের দিকে মিলান
আবারও কার্লোস তেভেজের দিকে হাত বাড়িয়েছে এসি মিলান। স্কাই স্পোর্টসের দাবি, ইতিমধ্যে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার জন্য প্রস্তাবও করেছে মিলান। খবরটাকে শক্ত ভিত্তি দিচ্ছে আরেকটি তথ্য। গত পরশু রাতে মিলানের স্পষ্টবাদী সভাপতি সিলভিও বেরলুসকোনি ঘোষণা করেছেন, জ্লাতান ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভার জন্য প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ৬ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব গ্রহণ করেছে মিলান।মিলানের মালিক এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির এই ঘোষণা একটা চমক। শুরুতে সিলভা পিএসজিতে চলে যাচ্ছেন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু ফরাসি ক্লাবটির দাবি মিলান প্রত্যাখ্যান তো করেছেই, গত সপ্তাহে মিলানের নতুন চুক্তিতেও স্বাক্ষর করেছেন সিলভা। সেই মিলানের পক্ষ থেকেই আবার পিএসজির প্রস্তাব গ্রহণের ঘোষণা! যা-ই হোক বেরলুসকোনির ঘোষণা সত্যি হলে, ইব্রাহিমোভিচ-সিলভা পাড়ি জমাচ্ছেন ফরাসি ক্লাবটিতে। এই দুজনের, বিশেষ করে সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের শূন্যস্থান মিলান পূরণ করতে চাইছে তেভেজকে দিয়ে।এবারের প্রস্তাবটা এই আর্জেন্টাইনের পেছনে মিলানের দীর্ঘ দৌড়ঝাঁপেরই অংশ। জানুয়ারিতে সিটি কোচ রবার্তো মানচিনির সঙ্গে তেভেজের দ্বন্দ্বের সময়টাতেও একাধিকবার প্রস্তাব পাঠিয়েও কাজ হয়নি। মিলানের ‘শর্তসাপেক্ষ’ ধারের প্রস্তাব বারবারই ফিরিয়ে দিয়েছে সিটি। কারণ, ধারে নয়, সিটি চাইছিল তেভেজকে একেবারেই বিক্রি করে দিতে।এবারের প্রস্তাবটি ধার নাকি স্থায়ী চুক্তির, তা জানা যায়নি। তবে ম্যান সিটির মেজাজি তারকাকে যে মিলান পেতে উদগ্রীব, তা অনুমেয়। ওয়েবসাইট।