আবার দলে ফেরার প্রত্যাশা ব্রেট লির
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রেট লির। গত এক বছর ধরেই তিনি দলের বাইরে। গোটা ক্যারিয়ারেও প্রায় সময়ই লি-কে ব্যস্ত থাকতে হয়েছে চোট নিয়ে। ক্রিকেটে একজন ফাস্ট বোলারের জন্য চোট খুবই স্বাভাবিক ব্যাপার হলেও ব্রেট লি একে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন।৩৩ বছর বয়সী এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার আবার ফিরে আসতে চান ওয়ানডের দুনিয়ায়। এ নিয়ে পরিকল্পনাও করে ফেলেছেন এই ব্লন্ড স্পিডস্টার। তিনি জানিয়েছেন, চোট সারিয়ে এ মাসের শেষে নিজ মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে নামতে চান তিনি।শ্রীলঙ্কা এ মাসের শেষের দিকে অস্ট্রেলিয়াতে একটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজে অংশ নেবে।ব্রেট লি বলেছেন, সপ্তাহ দুয়েকের মধ্যে তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দুটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবেন। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার হয়ে শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে সিরিজে ফিরতে চান তিনি।চোটের কারণে বেশ কিছুদিন আগেই নিজেকে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন। সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁর আবার টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্ন রীতিমতো উড়িয়েই দিলেন লি। টেস্ট ক্রিকেটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই জানিয়ে ব্রেট লি বলেছেন, ‘আমি টেস্ট ক্রিকেটে ফিরছি না এর মানে এ নয় যে আমি টেস্ট খেলতে ভালোবাসি না। আমি টেস্টে ফিরছি না, কারণ আমার শরীর বর্তমানে টেস্ট খেলার উপযোগী নয়।’চোটে জর্জরিত ক্যারিয়ারে নিজের বলের গতির সঙ্গে কোনো আপস করবেন না বলেই জানিয়ে দিয়েছেন লি। তিনি বলেছেন, বারবার বিভিন্ন ধরনের চোটে আক্রান্ত হলেও বলের গতি কমিয়ে ফেলারও কোনো ভাবনা-চিন্তা তাঁর মধ্যে নেই। ‘অবশ্যই আমি বলের গতি কমাব না। আমি যেভাবে সব সময় খেলে এসেছি, ক্রিকেটকে যে দৃষ্টিকোণ থেকে দেখেছি, তা রাতারাতি পরিবর্তন করে ফেলার কোনো ইচ্ছে আমার নেই।’ব্রেট লি আরও বলেছেন, ‘গোড়ালি, কনুই ইত্যাদি মিলিয়ে পুরো ক্যারিয়ারে ১২টির মতো চোট সারানোর জন্য আমাকে বিভিন্ন সময়ে অপারেশন টেবিলে যেতে হয়েছে। অনেকেই আমাকে বলেন, এর পরও কীভাবে আমি খেলাটা চালিয়ে যাচ্ছি। আমি তাঁদের এ উত্তরে বলি, এটাই আমার চরিত্র।’‘নেভার সে ডাই’ বলাটাই তো অস্ট্রেলীয় চরিত্র। আর এ চরিত্রের সবচেয়ে সমার্থক প্রতিনিধি বোধহয় ব্রেট লিই।—পিটিআই