আবার দুঙ্গার হাতে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রিও ডি জেনিরোর সংবাদ সম্মেলনে কার্লোস দুঙ্গা l রয়টার্স
কাল রিও ডি জেনিরোর সংবাদ সম্মেলনে কার্লোস দুঙ্গা l রয়টার্স

সাফল্যপ্রেমী ব্রাজিল সমর্থকদের জন্য হয়তো সুসংবাদ। দুঃসংবাদ, যাঁরা ব্রাজিলকে জোগো বোনিতোর ধারক-বাহক হিসেবে দেখতে চান, তাঁদের জন্য।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কার্লোস দুঙ্গাই ব্রাজিলের নতুন কোচ!
আগেও এক মেয়াদে ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর বরখাস্ত করা হয়েছিল দুঙ্গাকে। এবার লুইস ফেলিপে স্কলারির অধীনে আবারও ব্যর্থ ব্রাজিল। তাঁকে সরিয়ে দিয়ে পরম আরাধ্য হেক্সার জন্য তাই বিস্ময়করভাবে সেই দুঙ্গারই দ্বারস্থ ব্রাজিল!
জার্মানির কাছে ৭-১ আর হল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুটি হার ওলট-পালট করে দিয়েছে ব্রাজিলীয় ফুটবল। দায় মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছে স্কলারিকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনসের (সিবিএফ) বিভিন্ন পদেও এসেছে পরিবর্তন। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলমার রিনালদিকে দেওয়া হয়েছে সিবিএফের টেকনিক্যাল কো-অর্ডিনেটরের দায়িত্ব। রিনালদির হাত ধরেই দুঙ্গা চার বছর পর আবার ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব ফিরে পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুধু বিশ্বকাপের ব্যর্থতা বাদ দিলে ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়কের অধীনে আগের বার ব্রাজিলের সাফল্যের পাল্লাটাই ভারী ছিল। পেশাদারি ফুটবলে কোচিংয়ের বড় কোনো অভিজ্ঞতা ছাড়াই ২০০৬ সালে সেলেসাওদের দায়িত্ব নিয়েছিলেন সাবেক ব্রাজিল ডিফেন্ডার। প্রায় চার বছরে তাঁর অধীনে ৬০ ম্যাচ খেলে ৪২টি জিতেছিল ব্রাজিল। ১২টি ড্রয়ের পাশাপাশি হার ৬ ম্যাচে। দুঙ্গার অধীনেই ২০০৭ কোপা আমেরিকা ও ২০০৯ কনফেডারেশনস কাপের শিরোপাও জিতেছিল ব্রাজিল। কিন্তু এত কিছুর পরও সৌন্দর্যপিপাসু ব্রাজিলিয়ানদের মন জয় করতে পারেননি তিনি।
একটাই কারণ। জোগো বোনিতোর পূজারি নন দুঙ্গা। ছিলেন না কখনোই। যে ব্রাজিলে ফুটবল সৌন্দর্যের পূজা হয়, গাওয়া হয় নান্দনিকতার জয়গান, সেখানে কে তাঁর ফলনির্ভর কৌশলের স্তবকীর্তন করবে! সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক অবশ্য এসব নিয়ে মাথা ঘামান না খুব একটা। সিবিএফের আনুষ্ঠানিক ঘোষণার পর রিও ডি জেনিরোতে কাল সংবাদ সম্মেলনে তাঁর প্রথম কথাই হচ্ছে, ‘আমি এখানে স্বপ্ন বিক্রি করতে আসিনি। আমাদের এখনই কাজে নেমে পড়তে হবে।’
সাফল্য পেতে হলে যে ব্রাজিলিয়ানদের দুঙ্গার দর্শনের সঙ্গেই মানিয়ে নিতে হবে, সংবাদ সম্মেলনে যেন সেই আভাসও দিলেন নতুন কোচ, ‘ফুটবল প্রতিনিয়ত, প্রতিদিন বদলাচ্ছে। আক্রমণাত্মক ফুটবল বলতে মানুষ বোঝে চার-পাঁচজনকে সামনে রেখে খেলা। কিন্তু বিশ্বকাপে আমরা দেখেছি অনেক দল মাঝমাঠেরও ১০ গজ নিচে থেকে খেলছে।’ এএফপি।