আবার নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন ওয়ার্ন!

খেলোয়াড়ি জীবনে দক্ষ খেলুড়েই ছিলেন। মাঠে, মাঠের বাইরেও। খেলা ছাড়ার পর ধীরে ধীরে নিজের সেই ভাবমূর্তি ঘষামাজা করে অনেকটাই সাফ-সুতরো হয়েছিলেন। তবে অনেক দিন পর আবারও শেন ওয়ার্নকে জড়িয়ে নারী কেলেঙ্কারির গুঞ্জন রটল। অস্ট্রেলিয়ার সাবেক এ স্পিনারের হূদয়ে যে এত্ত ‘প্রেম’, তাই কদিন পরপর জড়িয়ে যায় একেকজন নারীর নাম। মাঠের পারফরম্যান্সে যেমন ধারাবাহিক ছিলেন, প্রেমের ময়দানেও তা-ই! সে ধারাবাহিকতায় ওয়ার্নের নামের সঙ্গে ফের জড়ালেন এক নারী।
ঘটনার সূত্রপাত ভ্যালেন্টাইনস ডের দুদিন পর। ভালোবাসা দিবসের পরের দিন বান্ধবী লিজ হার্লির সঙ্গে ওয়ার্নকে দেখা যায় লন্ডনে। এর ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ার্ন অন্য নারীর সঙ্গে উষ্ণ সান্নিধ্যে জড়িয়ে পড়েছিলেন বলেই খবর বেরোয়। ওয়ার্ন-ভক্তদের হয়তো এটি জেনে দীর্ঘশ্বাসই বেরিয়ে আসবে বুক চিরে। কেননা, প্রিয় তারকার জীবনে নারী তো আর কম এল না!
কথা হলো, নতুন নারীটা কে? ফ্যাশন দুনিয়ার নামী ব্যক্তিত্ব—মিশেল মোন। লিজের সঙ্গে সময় কাটানোর পরের দিনই দুপুরে লন্ডনের একটি হোটেলে ওয়ার্নকে দেখা যায় মোনের সঙ্গে। হোটেলের নবম তলার সুইটে গোলাপ আর শ্যাম্পেন নিয়ে নাকি হাজির হন ওয়ার্ন। ৪২ বছর বয়সী অন্তর্বাস কোম্পানির মালিক মোনের সঙ্গে চার-চারটি ঘণ্টা কাটান। স্বাভাবিকভাবেই এ ঘটনার পর মোন আর ওয়ার্নের সম্পর্ক নিয়ে আকাশে-বাতাসে উড়ছে জল্পনা-কল্পনার ঘুড়ি। তবে কি আবারও সঙ্গিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন স্পিন কিংবদন্তি?
ওয়ার্ন এবং মোন—দুজনের পক্ষ থেকেই এটিকে নিছকই গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘মাত্রই আমাকে নিয়ে লেখা কিছু উদ্ভট ও হাস্যকর প্রতিবেদন পড়লাম। যত্ত সব ফালতু কথা!’ ওদিকে মোন দাবি করেছেন, তিনি নিজেই কদিন আগে প্রতারিত হয়েছেন। সঙ্গীর কাছ থেকে প্রতারিত হলে একজন নারীর হূদয় কতটা ক্ষতবিক্ষত হয়, তাঁর চেয়ে ভালো খুব কমজনই জানে। জেনে-বুঝে তাই অন্য নারীর স্বপ্নের পুরুষটিকে তিনি ছিনিয়ে নেবেন না। ডেইলি মেইল।