আবার নিজেদের চেনাচ্ছেন তাঁরা
লুইস ফ্যাবিয়ানো গোল্ডেন বুট জিততে পারেন, কাকা গোল্ডেন বল, বিশ্বকাপের আগে কতই না সমীকরণ। সেই সমীকরণে রবিনহো কোথায়? সবাই যেন ভুলেই গিয়েছিল স্বয়ং পেলে এই ছেলেকে বলেছিলেন তাঁর উত্তরসূরি।বিশ্বকাপে রবিনহো দারুণ কিছু করতে পারেন, কেউ এটা ভাববেই বা কীভাবে? রিয়াল মাদ্রিদে টিকে থাকতে না পেরে বছর দুয়েক আগে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। কিন্তু সুবিধা করতে পারেননি এখানেও। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলের সঙ্গে তাল মেলাতে না পেরে এ বছরই তাই ফিরে গেছেন নিজের শেকড় সান্তোসে। পরিচিত আলো-হাওয়া পেয়ে কিন্তু আবার দুর্বার হয়ে উঠেছিলেন। সান্তোসের হয়ে এ মৌসুমে ১৭ ম্যাচে ১৯ গোল করেছেন। কিন্তু ব্রাজিলিয়ান লিগ তো বিশ্বের সেরা লিগগুলোর একটি নয়। রবিনহোকে নিয়ে তাই আলোচনাটাও ছিল কম।কিন্তু প্রতিভাবানদের কি আর আড়ালে থাকতে ভালো লাগে! বড় মঞ্চে তাই স্বরূপে রবিনহো। চিলির বিপক্ষে করা গোলটিই বিশ্বকাপে এখনো পর্যন্ত তাঁর একমাত্র গোল, কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়টিও তিনি। কার্লোস দুঙ্গা-যুগে বদলে যাওয়া ব্রাজিলকে চিরপরিচিত ব্রাজিলের মতো মনে হয় তাঁর পায়ে বল গেলে। ড্রিবলিংয়ের জাদু আর দারুণ সব পাস তো আছেই, রবিনহোর সবচেয়ে বড় কৃতিত্ব সুন্দর ফুটবল খেলেও সমান কার্যকর হতে পারায়। সবগুলো ম্যাচেই ব্রাজিলের আক্রমণের প্রাণ ছিলেন তিনি। তবে গোল পাচ্ছিলেন না বলে প্রাপ্য আলোচনাটা হচ্ছিল না তাঁকে নিয়ে। পরশু পেলেন সবই। পুরো ম্যাচেই দুর্দান্ত খেললেন, আবারও গোল করালেন এবং শেষ পর্যন্ত গোলও পেলেন। পেলেন ম্যাচ-সেরার পুরস্কারটাও।স্নাইডার-ফন পার্সি-ফন ডার ভার্টরা আছেন, দলও জিতছে নিয়মিত। তার পরও হল্যান্ড কোচ বার্ট ফন মারউইকের কণ্ঠে আরিয়েন রোবেনের জন্য এত হাহাকার কেন, পরশু প্রথমবারের মতো প্রথম একাদশে নেমেই বুঝিয়ে দিয়েছেন রোবেন। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ৭৩ মিনিটের সময় মাঠে নেমে দলকে জয় এনে দেওয়া গোলে অবদান রেখেছিলেন। স্লোভাকিয়ার বিপক্ষে পরশু নিজেই করলেন গোল, সেটাও আবার অসাধারণ এক গোল। গোলটি বাদ দিলেও বায়ার্ন মিউনিখ উইঙ্গার খেলেছেন দারুণ। সেরা একাদশে ফিরেই তাই সেরা রোবেন।