আবার নেতৃত্ব নিতে রাজি ইউনুস
তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছেড়েছিলেন নেতৃত্ব। এরপর আরও দু-একবার অনুরোধ করা হলেও আর নেতৃত্ব দিতে রাজি হননি, তবে নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন ইউনুস খান। জানালেন, বোর্ড চাইলে আবারও পাকিস্তানকে নেতৃত্ব দিতে রাজি আছেন তিনি। অবশ্য এটাও পরিষ্কার করে দিয়েছেন, অন্য যেকোনো অধিনায়কের নেতৃত্বে খেলতেও কোনো সমস্যা নেই তাঁর।২০০৯ সালে ইউনুসের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান, ওই বছরই উঠেছিল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তবে দলের অনেকেই সহযোগিতা করছেন না জানিয়ে নেতৃত্ব ছেড়েছিলেন বছরের শেষ দিকে। সম্প্রতি ডেভ হোয়াটমোর কোচ হওয়ার পর থেকেই পাকিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করে মোহাম্মদ হাফিজকে ওয়ানডে ও শোয়েব মালিককে টি-টোয়েন্টির অধিনায়ক করতে বলেছেন পাকিস্তানের নতুন কোচ।ইউনুসের মন্তব্য নিশ্চিতভাবেই এই আলোচনায় নতুন খোরাক জোগাবে, ‘যদি আবার আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, অবশ্যই আমি সেটা বিবেচনা করব এবং আমার কাছের লোকদের সঙ্গে আলোচনা করব। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া বড় একটা সম্মান। বোর্ড চাইলে আমি অবশ্যই ভাবব।’ নিকট ভবিষ্যতে ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনাও নেই বলে জানালেন সাবেক অধিনায়ক, ‘আমার বয়স এখন ৩৪, এখনো দারুণ ফিট। এখনো ক্রিকেট উপভোগ করছি, দলে অবদানও রাখতে পারছি। আমি তাকিয়ে আছি ১০০ টেস্ট খেলার দিকে, এরপর না হয় অবসর নিয়ে ভাবা যাবে।’ ওয়েবসাইট।