আবার পাকিস্তান সফর!
সফরটি হওয়ার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় শেষ মুহূর্তে ভেস্তে যায় বাংলাদেশের পাকিস্তান সফর। কবে হবে বা আদৌ হবে কি না, ঠিক নেই কিছুই। কিন্তু কাল পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, আগামী ডিসেম্বরেই নাকি পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি! তবে খবরটি উড়িয়ে দিয়েছে বিসিবি।২১ অক্টোবর পাকিস্তান অলস্টার ও আন্তর্জাতিক একাদশের প্রীতি ম্যাচ দেখতে এসে পিসিবির প্রধান জাকা আশরাফ বলেছিলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে তাঁদের। এরপর কাল প্রকাশ হওয়ায় অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়ায় ব্যাপারটি। তবে কাল বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তানে যাওয়ার কোনো শিডিউলই আমরা দিইনি। আগের সভাপতি বলেছিলেন, অবস্থা দেখে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’