আবার পাকিস্তানের কোচ ওয়াকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী কোচ কে? দেশটির পত্রপত্রিকায় আসছে একটি নাম—ওয়াকার ইউনুস। শেষ পর্যন্ত সেটিই বাস্তব হলে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের কোচ হবেন সাবেক ফাস্ট বোলার। প্রথমবার ছিলেন ২০১০ ফেব্রুয়ারি থেকে ২০১১ আগস্ট পর্যন্ত।
ডেভ হোয়াটমোরের বিদায়ের পর থেকেই পাকিস্তান দলের কোচের চেয়ার শূন্য। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ ছিলেন মঈন খান, যেটি ছিল তাঁর অন্তর্বর্তীকালীন দায়িত্ব। শোনা যাচ্ছে, মঈন খান নির্বাচক কমিটির প্রধান হচ্ছেন। ১ এপ্রিল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার কথা ছিল সাবেক অধিনায়ক রশিদ লতিফের। কিন্তু লতিফ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোয় প্রধান নির্বাচক করা হচ্ছে মঈনকে।
আর কোচ হিসেবে পিসিবির পছন্দ ওয়াকার। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১১ সালে যিনি স্বেচ্ছায় পাকিস্তান দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। হোয়াটমোরের বিদায়ের পর আবার ফিরতে আগ্রহ প্রকাশ করেন ওয়াকার। কিন্তু কোচ নির্বাচনের জন্য ইন্তিখাব আলম, জাভেদ মিয়াঁদাদ এবং ওয়াসিম আকরামের সমন্বয়ে গড়া বিশেষ কমিটির কারও অপছন্দের কারণে ফেরা আর হয়নি। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াসিম আকরাম, এমন খবর ফাঁস করে দিয়েছে দ্য ডন।
তবে এবার নাকি খোদ পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিই কোচ হিসেবে চান ওয়াকারকে। শেঠির চাওয়া মানে তো ওয়াকারের সম্ভাবনাই উজ্জ্বল। ওয়েবসাইট।