আবার পাকিস্তানের কোচ ওয়াকার

ফেব্রুয়ারিতে ডেভ হোয়াটমোরের মেয়াদ শেষ হলে নতুন কোচের সন্ধান করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হোয়াটমোরের উত্তরসূরি হিসেবে কোনো বিদেশির চেয়ে দেশিদের দিকেই নজরটা বেশি ছিল পিসিবির। ওয়াকার ইউনুস দায়িত্ব নিচ্ছেন, এটা অবশ্য শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে গুঞ্জনটাই সত্যি হয়েছে। পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন এই বোলিং কিংবদন্তি।
কোচের পদ পেতে তিনি ছিলেন দারুণ আগ্রহী। দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি ওয়াকার, ‘কোচ হতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন আমার কাজ হবে, আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপসহ আসন্ন ব্যস্ত ক্রিকেট সূচি সামনে রেখে দ্রুত দলকে তৈরি করা।’ ওয়াকারের প্রথম মিশন আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম সিরিজ’।
এর আগে ২০০৬-০৭ মৌসুমে পাকিস্তানের বোলিং কোচ ও ২০১০-১১ মৌসুমে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। হোয়াটমোরের মেয়াদ শেষ হলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক মঈন খান। মঈনের দায়িত্বের পরিধিটা অবশ্য আরও বেড়েছে। তিনি এখন একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার। পিটিআই।