আবার পাঞ্জাবের জয়, দিল্লির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে পাঞ্জাবকে জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন মনন ভোহরা
১৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে পাঞ্জাবকে জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন মনন ভোহরা

দিল্লির হার আর পাঞ্জাবের জয়। আইপিএলের সপ্তম আসরে নিয়মিতই দেখা গেছে এমন চিত্র। আজও তার ব্যতিক্রম হলো না। দিল্লিকে চার উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পাঞ্জাব। অন্যদিকে দিল্লির অবস্থান একেবারে তলানিতে।
এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১০টিতেই হারের মুখ দেখেছে দিল্লি। অন্যদিকে ১১ ম্যাচের নয়টিতেই জয় পেয়েছে পাঞ্জাব। আজ দিল্লির বিপক্ষে জয় পেতে অবশ্য বেশ ভালোই ঘাম ঝড়াতে হয়েছে জর্জ বেইলির দলকে। দিল্লির দুই দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির ও জেপি ডুমিনি বেশ ভালোই ভুগিয়েছেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের। শেষপর্যন্ত আকসার পাটেলের ৪২ রানের অপরাজিত ইনিংসটির সুবাদে দুই বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে পাঞ্জাব। ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন তাহির। ডুমিনি নিয়েছেন দুইটি উইকেট।
শুরুতে পাঞ্জাবের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও মনন ভোহরা। প্রথম সাত ওভারের মধ্যেই তাঁরা গড়েছিলেন ৬৭ রানের জুটি। মাত্র ১৯ বলে ৪২ রান করেছেন ভোহরা। শেবাগের ব্যাট থেকে এসেছে ২৩ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দিনেশ কার্তিকের ৬৯ ও অধিনায়ক কেভিন পিটারসেনের ৪৯ রানের ইনিংস দুটিতে ভর করে স্কোরবোর্ডে ১৬৪ রান জমা করেছিল দিল্লি।