আবার পেছাচ্ছে জাতীয় লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় লিগ। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব ছিল না বলে লিগ পিছিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের আয়োজন করা হলো। জাতীয় লিগ শুরুর নতুন সম্ভাব্য তারিখ ঠিক হলো ৮ জানুয়ারি। কিন্তু কাল জানা গেল, ৮ জানুয়ারি থেকেও লিগ শুরু হওয়ার সম্ভাবনা নেই।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী গোলাম মোর্তজা জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। জাতীয় লিগের ভবিষ্যৎ নিয়ে সে কারণে সর্বশেষ তথ্য দিতে পারেননি, ‘আমি যত দূর জানি, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে খেলা পেছানোর আলোচনা ছিল। তবে এটি আরও কয়েক দিন আগের কথা। জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সর্বশেষ সিদ্ধান্তটি আমার জানা নেই।’
তবে টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমান কাল টেলিফোনে নিশ্চিত করেছেন, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে লিগ আয়োজন সম্ভব হবে না, ‘এভাবে অবরোধ চলতে থাকলে খেলা সম্ভব নয়। দলগুলো এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে পারবে না। খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারও আছে।’ অবশ্য টুর্নামেন্ট কমিটি লিগ শুরুর সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানালেন তিনি, ‘আমরা সব দিক দিয়ে প্রস্তুত। দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গেলে সাত-আট দিনের মধ্যে খেলা শুরু করা সম্ভব। সে জন্য লিগ বাতিল না করে পেছানো হচ্ছে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা যেহেতু আপাতত দেখা যাচ্ছে না, ধরেই নেওয়া যায় জাতীয় লিগও পেছাবে অনির্দিষ্টকালের জন্য। আর সেটা হলে শ্রীলঙ্কা সিরিজের আগে দীর্ঘ পরিসরের ম্যাচ অনুশীলন থেকে বঞ্চিত হবেন ক্রিকেটাররা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ তাই বিকল্প কোনো পদ্ধতিতে হলেও জাতীয় লিগ শুরু করার পক্ষে। কাল টেলিফোনে ফারুক বলছিলেন, ‘ভেন্যু থেকে ভেন্যুতে যাওয়া-আসার ঝুঁকি না নিয়ে চাইলে দলগুলোকে দুটি ভেন্যুতে রেখেও লিগটা খেলানো উচিত। বিকেএসপিতে এখন তিন-চারটা মাঠ। সেখানে যদি আমরা চারটা দলকে কয়েকটা ম্যাচ খেলাই, একই সঙ্গে চট্টগ্রাম বা অন্য কোথাও বাকি দলগুলোকে খেলানোর ব্যবস্থা করা যায়, তাহলে বর্তমান পরিস্থিতিতেও লিগ চালানো সম্ভব।’
খেলোয়াড়দের ম্যাচ অনুশীলনে রাখার জন্যই বিকল্প পদ্ধতিতে খেলা চালানোর পক্ষে ফারুক, ‘নিজেদের মধ্যে দল করে প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা ভালো। সেটা যে খেলোয়াড়দের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলে সেটা তো আমরা বিজয় দিবস টি-টোয়েন্টিতেই দেখলাম।’ এ ছাড়া শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় স্বার্থেও ঘরোয়া ক্রিকেট মাঠে থাকাটা জরুরি। নয়তো নিজেদের ঘায়েল করার অস্ত্রটা যে বাংলাদেশই তুলে দেবে অন্যদের হাতে!