আবার পেছাচ্ছে প্রিমিয়ার লিগ!
ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ নিয়ে প্রহসন চলছেই। এটি কয় দফা যে পেছাল সে হিসাব রাখা দুরূহ। নতুন খবর, ৩ সেপ্টেম্বরও লিগ শুরু না হওয়ার সম্ভাবনাই প্রবল। কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সঙ্গে সভায় ক্লাবগুলো লিগ আরও সপ্তাহ খানেক পেছানোর দাবি জানিয়েছে। সিসিডিএমের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্রিকেটারদের লটারির পর ক্লাবদের এই দাবি বিবেচনা করা হবে। আর ‘বিবেচনা’ করা মানেই লিগ পেছানো একরকম নিশ্চিত।
লটারির তারিখ অবশ্য একই আছে, তবে বদলে গেছে সময়। আগামীকাল বেলা ১১টার পরিবর্তে তিনটায় শুরু হবে লটারি। মিরপুরের মিডিয়া লাউঞ্জে হওয়ার সম্ভাবনাই বেশি, তবে হতে পারে কোনো পাঁচ তারকা হোটেলেও। লিগ পেছানোর দাবির পক্ষে ক্লাবগুলোর যুক্তিটা তুলে ধরলেন সিসিডিএমের সহসভাপতি হানিফ ভূঁইয়া, ‘খেলোয়াড়দের সঙ্গে সমন্বয়ের জন্য সপ্তাহ খানেক পেছানোর দাবি করেছে ক্লাবগুলো। আমরা বিবেচনার আশ্বাস দিয়েছি।’
অনুদানের প্রসঙ্গও উঠেছে সভায়। বিসিবির কাছে মোটা অঙ্কের অনুদান চেয়ে ক্লাবগুলো বসে আছে শুরু থেকেই। একটি সূত্র জানিয়েছে, লিগ শুরুর আগেই অনুদানের অন্তত ৪০ শতাংশ টাকা চায় ক্লাবগুলো। সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে লিগ শুরুর আগে কিছু অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ক্লাবগুলোর স্বেচ্ছাচারিতায় লিগ বারবার পেছাল। আবার তাদেরই মোটা অঙ্কের অনুদান দিচ্ছে বোর্ড!: