আবার প্রধান নির্বাচক কাশিম
পাকিস্তানের সম্ভাব্য এশিয়া কাপের দল নিয়ে চলছে নানা গুঞ্জন। দল ঘোষণার আগে হঠাৎ পাল্টে গেল দল নির্বাচনের কুশীলবেরাই। প্রথমে পদত্যাগ করলেন প্রধান নির্বাচক মোহাম্মদ ইলিয়াস। কিছুক্ষণ পরই জানানো হলো নতুন প্রধান নির্বাচকের নাম। পুরোনো দায়িত্বে নতুন করে ফিরলেন সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম। নির্বাচক কমিটিতে ফিরেছেন সেলিম জাফরও। রেখে দেওয়া হয়েছে আগের কমিটির তিন নির্বাচক আজহার খান, আসিফ বালুচ ও ফারুখ জামানকে। ইলিয়াস নির্বাচক কমিটিতে ছিলেন প্রায় সাড়ে তিন বছর, তবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গত অক্টোবরে মহসিন খান ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেওয়ার পর। ইলিয়াস পদত্যাগের কারণ দেখিয়েছেন ‘ব্যক্তিগত ব্যস্ততা।’ তবে শোয়েব মালিককে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়া নিয়ে নাখোশ ছিলেন সাবেক এই ব্যাটসম্যান। মূল দলে মালিক না থাকলেও পরে নেওয়া হয় অধিনায়ক মিসবাহর অনুরোধে। ইলিয়াসের বিপক্ষেও অবশ্য অভিযোগ ছিল, টানা ব্যর্থতার পরও জামাতা ইমরান ফারহাতকে খেলিয়ে যাওয়া।ধারণা করা হচ্ছে, সরিয়ে দেওয়া হবে জেনে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন ইলিয়াস। পিসিবির প্রধান জাকা আশরাফের কথায়ও পাওয়া গেছে সেই ইঙ্গিত, ‘নির্বাচক কমিটিতে আমরা কিছু পরিবর্তন আনতে চাইছিলাম এবং ইকবাল কাশিম নতুন প্রধান নির্বাচক। পাকিস্তান এশিয়া কাপে খেলতে যাচ্ছে, আমার আশা নির্বাচকেরা মেধার ভিত্তিতে দল নির্বাচন-প্রক্রিয়া অব্যাহত রাখবেন।’অস্ট্রেলিয়া সফরে টেস্ট-ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর ২০১০ সালের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন কাশিম। ৫০ টেস্ট খেলা সাবেক বাঁহাতি স্পিনার জানালেন, ভুলে যেতে চান ওই স্মৃতি, ‘অস্ট্রেলিয়ায় আড়াই মাসের সফরে আমরা সব ম্যাচ হেরেছিলাম। তবে আশা করি, অমন কিছু আর হবে না। এশিয়া কাপের আগে সময় খুবই কম, আশা করি, আমরা সম্ভাব্য সেরা দল গড়তে পারব।’দল ঘোষণার তারিখ জানানো হয়নি। তবে গুঞ্জন আছে, ফারহাত-মালিক বাদ পড়তে পারেন। দলে আসতে পারেন আহমেদ শেহজাদ, নাসির জামসেদরা। ওয়েবসাইট।