আবার ফাইনালে চেন্নাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল নিয়ে অনেক ধরনের বাজি ধরা হয়। একটা নিরাপদ বাজি আছে, নিশ্চিন্তে ধরতে পারেন। ফাইনালে উঠবে চেন্নাই সুপার কিংস! কাল মুম্বাইকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে আরও একবার ফাইনালে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির দল। এ নিয়ে টানা চারবার ফাইনালে উঠল চেন্নাই। আইপিএলের ছয়টি আসরে পঞ্চমবারের মতো ফাইনালে খেলবে তারা! দুবার চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই একবারই শুধু ফাইনালে উঠতে পারেনি—২০০৯ সালে।পঞ্চম ফাইনালটি কাল তারা প্রায় নিশ্চিত করে ফেলেছিল প্রথমে ব্যাট করেই। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক মাইক হাসির অপরাজিত ৮৬ এবং সুরেশ রায়নার অপরাজিত ৮২ রানের দুটো ইনিংসে ১ উইকেটে ১৯২ রানের বিশাল পুঁজি তুলে ফেলেছিল। এত ভালো স্কোরও বৃথা যায় বোলাররা ঠিকমতো দাঁড়াতে না পারলে। কিন্তু কালকের দিনটা ছিল শুধুই চেন্নাইয়ের। ৩ উইকেটে ১০১ রান তুলে ভালোই জবাব দিতে থাকা মুম্বাই ইন্ডিয়ানসকে শেষ পর্যন্ত তারা ১৪৪ রানে অলআউট করে দেয়। রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন তিনটি করে উইকেট। হেরে গেলেও ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবে মুম্বাই। আজ ‘এলিমিনেটরে’ মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ। এই ম্যাচের জয়ী দল ২৪ মের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বাইয়ের। ওয়েবসাইট।