আবার ফিরেছেন শোয়েব
কতবারই না লেখা হয়ে গেল তাঁর ক্যারিয়ারের এপিটাফ। প্রতিবারই সবাইকে ভুল প্রমাণ করেছেন শোয়েব আখতার। সেই ইতিহাসে যোগ হলো আরেকটি অধ্যায়। শোয়েব আবার ফিরেছেন পাকিস্তান দলে, এশিয়া কাপের দলে রাখা হয়েছে ৩৪ বছর বয়সী ফাস্ট বোলারকে। দলে ফিরেছেন কদিন আগেই এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া শোয়েব মালিকও। ফিরেছেন দুই ওপেনার ইমরান ফারহাত ও শাহজাইব হাসান। ১৫ সদস্যের দলে একদমই নতুন মুখ দুই ব্যাটসম্যান আসাদ শফিক ও উমর আমিন।নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর মালিকের ফেরাটা নিশ্চিতই ছিল। ৩৫ সদস্যের প্রাথমিক দলে রাখার পর আভাস পাওয়া গিয়েছিল ফিরছেন শোয়েবও। একসময়কার বিশ্বের দ্রুততম বোলারকে পাকিস্তানের জার্সিতে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের ৭ মে, দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে। গত ১৯ মার্চ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন, কিন্তু ঘরোয়া পেন্টাঙ্গুলার ট্রফিতে ভালো করে মন জয় করেছেন নির্বাচকদের। ১৫ থেকে ২৪ জুন শ্রীলঙ্কায় ডাম্বুলায় বসছে এবারের এশিয়া কাপ। ওয়েবসাইট।