আবার ফুটবল লিগে বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল কোটি টাকার সুপার কাপ। সেটি আবার হারিয়ে গেল নীরবে। এ মৌসুমে সুপার কাপ হচ্ছে না। স্বাধীনতা কাপও হয়নি। শুধু ফেডারেশন কাপ ও লিগ দিয়েই চলতি মৌসুমের ইতি টানছে বাফুফে। ক্লাবগুলো গোটা মৌসুমে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মাত্র ২৩ থেকে ২৬টি। খেলার কথা অন্তত ৪০-৪৫টি।সুপার কাপ হচ্ছে না স্বীকার করতে বিব্রত বোধ করছেন ফুটবলকর্তারা। মাত্রই নির্বাচনে জিতে চেয়ারে বসেছেন। এখন সুপার কাপ করতে না পারা বড় ব্যর্থতাই। সেটা মনে রেখেই কিনা বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী কাল ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, ‘আমরা সুপার কাপ করব। তবে আগামী দলবদল শেষ করার পর। লিগ শেষ করে দুই মাস বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর দলবদল শুরুর চিন্তা আছে।’এ মৌসুমে তাই সুপার কাপ চলে গেল হিমাগারে। ক্লাবগুলোকে তা জানানোর প্রয়োজনও বোধ করেনি বাফুফে। সালাম ঝেড়ে কাশলেন অবশেষে, ‘আমরা এ মৌসুমে শুধু ফেডারেশন কাপ আর লিগ করছি।’সুপার কাপ নামের চমক বাংলাদেশের ফুটবলে ঝড় তুলেছিল ২০০৯ সালে। চ্যাম্পিয়ন দলকে এক কোটি টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা অনেক দিন পর মাঠ ভরে তুলেছিল দর্শকে। ২০১০ সালে হয়নি। গত বছর হলেও আয়োজনটি ছিল নামেমাত্র। অথচ বাফুফে সভাপতির দায়িত্ব নিয়ে কাজী সালাউদ্দিন সুপার কাপ নিয়ে অনেক পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংবাদ সম্মেলন করে। দ্বিতীয় আসর থেকে বিদেশি দল আনার কথাও তখন বলা হয়েছিল। কিন্তু সবই কথার কথা রয়ে গেছে।গত মৌসুমে নতুন রূপে আয়োজিত হওয়ার পর স্বাধীনতা কাপও এবার পথ হারিয়েছে। অজুহাত হিসেবে দেখানো হয়েছে মাঠের সমস্যাকে। মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের কুচকাওয়াজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ নিয়ে নেয় ৮-১০ দিনের জন্য। এটাকেই কারণ দেখিয়ে সালাম বলছেন, ‘আমাদের সদিচ্ছা ছিল। কিন্তু মাঠ না পেলে কীভাবে করব? তবে সামনে নিশ্চয়ই হবে।’আরেকটি দুঃসংবাদও পাওয়া গেছে কাল। নেপালে ১৬-২৪ জুন অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের জন্য প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে ১২-২২ জুন (বাংলাদেশ খেলবে উজবেকিস্তান, ইয়েমেন, জর্ডান ও নেপালের সঙ্গে)। খেলা বন্ধ রাখতে বাফুফেকে চিঠি দিয়েছে শেখ রাসেল ও ফরাশগঞ্জ।অনূর্ধ্ব-২২ দলের খেলার জন্য কোনো দেশের শীর্ষ লিগ বন্ধ থাকা বিস্ময়করই। ২ ফেব্রুয়ারি শুরু হওয়া লিগ স্থগিত হলো অন্তত চার-পাঁচবার! লিগটার নাম এমনিতেই ‘বিরতি লিগ’ হয়নি!