আবার ফেদেরারকে হারালেন নাদাল
ছয় বছর আগে এই মিয়ামি ওপেনের ফাইনালে খেলেছিলেন দুজন। তখন একটিও গ্র্যান্ড স্লাম ছিল না রাফায়েল নাদালের নামের পাশে। উল্টো রজার ফেদেরার ছিলেন ফর্মের তুঙ্গে। কিন্তু এখন ফর্ম নিয়ে যেন দুশ্চিন্তায় পড়ে গেছেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেন হেরেছেন, র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন। পরশু যুক্তরাষ্ট্রের মিয়ামি ওপেনের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের কাছেও হারলেন ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। সুইস মাস্টারকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠে গেলেন নাদাল। এই জয়ে দুজনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও আরও এক ধাপ এগিয়ে গেলেন নাদাল। স্প্যানিশ তারকা এখন ১৫-৮ ব্যবধানে এগিয়ে।ফাইনালে আজ এক নম্বর তারকা নাদালের মুখোমুখি হচ্ছে এই মৌসুমের সেরা ফর্মে থাকা সার্বিয়ান নোভাক জোকোভিচ। মিয়ামিতে চতুর্থবারের মতো ফাইনালে ওঠা এই দুই নম্বর তারকা ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে। বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ নিশ্চয়ই চ্যালেঞ্জই ছুড়ে দেবেন নাদালকে। এ বছর জোকোভিচ টানা ২৩ ম্যাচে অপরাজিত। নতুন মৌসুমের এমন দুর্দান্ত শুরু গত ৩০ বছরে মাত্র দুজনেরই ছিল। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জন ম্যাকেনরো বছর শুরু করেছিলেন টানা ৩৯ ম্যাচ জিতে, ১৯৮৬ সালে ইভান লেন্ডল জিতেছিলেন ২৫টি। এএফপি।