আবার বর্ণবাদের শিকার বোয়েটাং
সিরি ‘আ’ ডার্বিতে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। কিন্তু জুভদের জয়ে কলঙ্কের কালিমা মেখে দিয়েছে বর্ণবাদের হুঙ্কার। রোববার মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জুভেন্টাস-সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এসি মিলানের ঘানাইয়ান তারকা কেভিন প্রিন্স বোয়েটাং। ম্যাচ শুরু হওয়ার আগে এসি মিলানের খেলোয়াড়েরা যখন ওয়ার্ম আপ করছিলেন, ঠিক তখনই বোয়েটাংকে লক্ষ্য করে অশ্রাব্য বর্ণবাদী স্লোগান দিতে থাকেন জুভেন্টাসের কিছু সমর্থক। বোয়েটাং অবশ্য এ সময় বেশ শান্ত ছিলেন। তিনি ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাঁদের এ ধরনের কথাবার্তা বন্ধ করার অনুরোধ জানান।জুভেন্টাস-সমর্থকেরা কেবল বোয়েটাংকে উত্ত্যক্ত করেই ক্ষান্ত হননি, তাঁরা এসি মিলানের আরেক কৃষ্ণাঙ্গ তারকা মারিও বালোতেল্লিকে ব্যঙ্গ করে তৈরি করা ব্যানারও প্রদর্শন করেন।বোয়েটাং ও বালোতেল্লির বর্ণবাদী আক্রমণের লক্ষ্যবস্তু হওয়াটা অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগে দর্শকদের বর্ণবাদী গালাগালে অতিষ্ঠ হয়ে মাঠ ত্যাগ করেছিলেন কেভিন প্রিন্স বোয়েটাং।বর্ণবাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন সোচ্চার হলেও বোয়েটাংই হলেন প্রথম ক্রীড়াবিদ, যিনি বর্ণবাদী আচরণের প্রতিবাদে খেলার মাঠ ত্যাগ করেছিরেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও জাতিসংঘও বোয়েটাংয়ের ওই প্রতিবাদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে তাঁকে বর্ণবাদবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। ওয়েবসাইট।