আবার বাংলাদেশে আসতে চান ক্রুসিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে আবারও অবদান রাখতে চান ডিয়েগো ক্রুসিয়ানি। প্রথম আলো ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় আজ মঙ্গলবার তাঁর এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই সাবেক কোচ। ক্রুসিয়ানি বলেন, ‘২০০৫ সালে সাফ ফুটবলে আমার প্রশিক্ষণে বাংলাদেশ ফাইনালে পৌঁছেছিল। সেবার ভারতের কাছে হেরে শিরোপাটা জেতা হয়নি। আমার স্বপ্ন আবার বাংলাদেশের কোচের দায়িত্ব নিয়ে দলকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন করা।’ডিয়েগো ক্রুসিয়ানি এ মুহূর্তে নিজের দেশ আর্জেন্টিনায় অবস্থান করছেন। আপাতত, আর্জেন্টাইন একটি ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব আছে তাঁর কাছে। তবে সুযোগ পেলে তিনি আবারও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন।ক্রুসিয়ানি বলেন, ‘যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারও সঙ্গে এ মুহূর্তে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি স্বপ্ন দেখি বাংলাদেশে ফেরার।’ ২০০৬ সালের বিশ্বকাপের সময় বাংলাদেশের আনাচ-কানাচে আর্জেন্টিনার জাতীয় পতাকা উড়তে দেখার স্মৃতি তিনি ভুলতে পারেন না। এ নিয়ে তিনি আর্জেন্টিনায় অনেকের সঙ্গে আলাপ করেছেন; যাঁরাই শুনেছেন, তাঁরা খুুব অবাক হয়েছেন বলে তিনি জানান। ক্রুসিয়ানি বলেন, ডিয়েগো ম্যারাডোনাও তাঁর সাবেক স্ত্রী ক্লদিয়ার মাধ্যমে ব্যাপারটি জেনেছিলেন। তিনিও অবাক হয়েছেন ছবি দেখে। তাঁর সাবেক স্ত্রীকে তিনি বলেছিলেন, আর্জেন্টিনাতেও নাকি নিজ দেশের এত পতাকা তিনি কখনো উড়তে দেখেননি। প্রায় পাঁচ বছর আগে ছেড়ে গেলেও বাংলাদেশের কথা তাঁর সব সময়ই মনে পড়ে। তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্বে থাকা কাজী সালাউদ্দিন, বাদল রায়, আসলামরা এ দেশের ফুটবলের খোলনলচে পাল্টে দিতে পারেন। কারণ, তাঁরা ফুটবলটা বোঝেন। ফুটবল নিয়ে ভাবেন।’ তিনি বলেন, এত কিছুর পরও বাংলাদেশের ফুটবলের প্রত্যাশামাফিক উন্নতি না হওয়ার মূল কারণ অর্থসংকট। অর্থের সংকট কাটিয়ে উঠতে পারলে এ দেশের ফুটবল তরতর করে এগিয়ে যাবে। ক্রুসিয়ানি বলেন, অন্তত এশিয়ার মধ্যম সারির একটি ফুটবল শক্তি হওয়ার সব ক্ষমতাই বাংলাদেশের রয়েছে।ক্রুসিয়ানি মনে করেন, ফেডারেশনের দায়িত্ব করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে ফুটবলের গুরুত্ব তুলে ধরা। বাংলাদেশে ফুটবল অসম্ভব জনপ্রিয়। বিশ্বকাপই শুধু নয়, এ দেশের মানুষ ইউরোপীয় মৌসুমগুলো খুব মনোযোগের সঙ্গে অনুসরণ করে। তিনি বলেন, ফুটবলে অর্থ কীভাবে ঢালতে হয়, এ ব্যাপারে বাংলাদেশের উচিত প্রতিবেশি ভারতকে অনুসরণ করা। তিনি বলেন, বাংলাদেশের মতোই ভারতে ক্রিকেট অসম্ভব জনপ্রিয়, কিন্তু তাই বলে ফুটবলকে তারা অবহেলা করছে না। গণমাধ্যম, করপোরেট প্রতিষ্ঠান, দর্শক ও ফুটবল কর্তাদের পরিকল্পনা এক সূত্রে গাঁথতে পারলে বাংলাদেশের ফুটবলের প্রত্যাশিত উন্নতি অবশ্যম্ভাবী। আর্জেন্টাইন এই ফুটবল কোচ বার্সেলোনার দারুণ ভক্ত। তিনি পারতপক্ষে বার্সেলোনার কোনো খেলা মিস করেন না। এই মৌসুমে লিওনেল মেসি তাঁর পুরোনো ঝলক দেখাতে পারছেন না বলেই মনে করেন ক্রুসিয়ানি। এর মূল কারণ হিসেবে তিনি বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভার কৌশলকেই দায়ী করেন।ক্রুসিয়ানি বলেন, ‘প্রথমে মনে করা হয়েছিল পেপ গার্দিওলার সহকারী হিসেবে ভিলানোভা বার্সেলোনার কৌশলে কোনো পরিবর্তন আনবেন না। কিন্তু দেখা যাচ্ছে, তিনি খেলার ধরনে ও কৌশলে অনেক জায়গাতেই পরিবর্তন এনেছেন।’ক্রুসিয়ানি বলেন, গার্দিওলার সময় জাভি ও ইনিয়েস্তা ওয়ান টাচ ফুটবল খেলতেন। তাঁরা বল ছাড়াই এদিক-ওদিক দৌড়ে প্রতিপক্ষের ফাঁক-ফোকর খুঁজে বের করতেন। কিন্তু এখন তাঁরা দুজনই অতিরিক্ত বল-প্লে করছেন। আগের মতো বার্সেলোনা প্রতিপক্ষকে চমকে দিতে পারছে না বলেই মনে করেন ক্রুসিয়ানি।তিনি আরও বলেন, পেপ গার্দিওলা দুই উইং ব্যবহার করতেন বেশি। ভিলানোভা মধ্যমাঠ দিয়ে আক্রমণ সাজাচ্ছেন। এই কৌশল মেসিকে নিষ্প্রভ করে দিয়েছে।মেসি-রোনালদোর দ্বৈরথকে গণমাধ্যমের আবিষ্কার বলে মনে করেন ক্রুসিয়ানি। তাঁর মতে, সম্পূর্ণ ভিন্ন ধরনের দুজন খেলোয়াড়কে একে-অন্যের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। মেসি ও রোনালদোর মধ্যে মূল পার্থক্যগুলো সম্পর্কে ক্রুসিয়ানি বলেন, ‘মেসি মাঠের যেকোনো জায়গা থেকে দৌড় শুরু করতে পারে। রোনালদো কেবল বাম প্রান্তে স্বচ্ছন্দ। মেসি বার্সেলোনার মূল খেলোয়াড়, রোনালদো রিয়ালের মূল খেলোয়াড় নয়। রোনালদো রিয়ালের অন্য খেলোয়াড়দের ওপর নির্ভরশীল, কিন্তু মেসির ওপর নির্ভর করে দলের সবাই। মোটকথা, এই দুজন সম্পূর্ণ ভিন্নমাত্রার দুই খেলোয়াড়।’ ক্রুসিয়ানির মতে, রোনালদো রোনালদোর জায়গায় সেরা, মেসি মেসির জায়গায়। পুরো বিতর্কটাই অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।ফুটবলজীবনে মোটামুটি সবকিছু পেয়েছেন মেসি। কিন্তু দেশকে বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারেননি। মেসির অমরত্বের জন্য আর্জেন্টিনার একটি বিশ্বকাপের শিরোপা দরকার কি না, এ সম্পর্কে ক্রুসিয়ানি বলেন, ‘মেসি এমনিতেই গ্রেট ফুটবলার। আর্জেন্টিনাকে কখনো বিশ্বকাপ জেতাতে না পারলেও সে গ্রেটই।’ তিনি ইয়োহান ক্রুইফের উদাহরণ টেনে বলেন, ‘সত্তরের দশকে হল্যান্ড দুবার বিশ্বকাপের ফাইনালে গেছে। ক্রুইফ কখনোই বিশ্বকাপ ট্রফিটা হাতে নিতে পারেননি। তার পরও আমরা তাঁকে গ্রেট হিসেবেই অভিহিত করি।’ তবে নিজের দেশ ও জাতিকে আনন্দে ভাসাতেই আসন্ন বিশ্বকাপটা মেসির হাতে নেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই আর্জেন্টাইন কোচ।