আবার বাবা হচ্ছেন ম্যারাডোনা
গুঞ্জনটা তাহলে মিথ্যা নয়। আবারও বাবা হতে চলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। তাঁর প্রেমিকা ভেরোনিকা ওজেদা আর্জেন্টাইন একটি ওয়েবসাইটকে নিশ্চিত করেছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, এটি হবে ম্যারাডোনা-ভেরোনিকা জুটির প্রথম সন্তান। ২০১০ সালে ভ্যারোনিকার গর্ভে একটি সন্তান এসেছিল। কিন্তু দুর্ঘটনার কারণে তা নষ্ট হয়। ম্যারাডোনার বয়স এখন ৫১ বছর, আর ভেরোনিকার ৩৪।স্ত্রী ক্লদিয়া ভিয়াফানের সঙ্গে ম্যারাডোনার বিবাহবিচ্ছেদ হয় ২০০৪ সালে। এর পরও অবশ্য দুজনকে একসঙ্গে দেখা গেছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করেন তাঁরা।ম্যারাডোনা চার সন্তানের জনক। সন্তানের এই সংখ্যা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। ক্লদিয়া ভিয়াফানের ঘরে ম্যারাডোনার দুই মেয়ে। সাবেক প্রেমিকা ক্রিস্টিয়ানা সিনাগ্রার ঘরে ১৯৮৬ সালে জন্ম নেয় এক ছেলে, নাম ডিয়েগো সিনাগ্রা। ম্যারাডোনা শুরুতে তা স্বীকার করেননি। ১৯৯২ সালে তিনি প্রথম স্বীকার করেন, সন্তানটি তাঁরই। ক্লদিয়ার সঙ্গে তখন তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল। অবশ্য পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষায় রাজি হননি তিনি। ১৯৯৩ সালে ইতালির একটি আদালত রায় দেন, ওই সন্তান ম্যারাডোনারই। একই সঙ্গে সন্তানের ভরণপোষণের খরচ বহন করতে আর্জেন্টাইন এই তারকাকে নির্দেশ দেন আদালত। ডিয়েগো সিনাগ্রা এখন ইতালির ফুটবলার। ১৯৯৬ সালে আর্জেন্টাইন এক নারীর ঘরে ম্যারাডোনার চতুর্থ সন্তান জন্ম নেয় বলে খবর রয়েছে। কিন্তু এ সম্পর্কে খুব বেশি জানা যায়নি।