জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিদ্যুতের ভেল্কিবাজি চলছেই। সর্বশেষ কাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দফা ফ্লাডলাইট নিভে যায়। দুবারে কমপক্ষে ২২ মিনিট বন্ধ ছিল খেলা। এ নিয়ে চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচ বিদ্যুৎ-বিভ্রাটের কবলে পড়ল।
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেই বিপৎসংকেত দিয়েছিল বিদ্যুৎ। সেটি ১২ মার্চ আফগানিস্তান-হল্যান্ড ম্যাচে। এরপর সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ২৪ মার্চ মূল পর্বে আবারও ১০ মিনিটের বিদ্যুৎ-বিভ্রাট। ফের হাঁকডাক। এবার জাতীয় গ্রিডের বিদ্যুৎ বাদ দিয়ে জেনারেটর-নির্ভর বিদ্যুৎ দিয়ে ফ্লাডলাইট চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু তাতেও সংকট কাটল না!
জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ওমনি পাওয়ার। বিসিবির পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এই প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে। কাল উত্তর-পূর্ব দিকের জেনারেটরটির সার্কিট ব্রেকার ‘ট্রিপ’ করলে এ ঘটনা ঘটে বলে জানান জেনারেটর পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভার ও অষ্টম ওভারে এই বিভ্রাট হয়। প্রতিবারই ১০ থেকে ১১ মিনিট খেলা বন্ধ ছিল। বিদ্যুৎ-বিভ্রাট নিয়ে খোদ বিসিবির কর্মকর্তারাই বিব্রত।
ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন বলেন, আইসিসির নির্দেশনা অনুযায়ী আমরা জেনারেটর দিয়ে খেলা চালাচ্ছি। ২৭ মার্চ থেকে এই পদ্ধতিতেই কাজ চলছিল। জেনারেটর কয়েক সেকেন্ডের জন্য ট্রিপ করায় এই অবস্থা।’