আবার বিশ্বসেরা হতে চান কাকা
চিকিৎসক মার্ক মার্টেনস যা বলেছেন, তা শুনে কাকা ও কাকা-ভক্তদের মাথায় আকাশ ভেঙে পড়ার কথা। বিশ্বকাপে খেলতে গিয়ে কাকা নাকি তাঁর ক্যারিয়ারটাকেই সংশয়ের মধ্যে ফেলে দিয়েছেন। এবার কাকাই আশ্বস্ত করলেন সবাইকে, এ রকম ভয়াবহ কিছু হয়নি। চিকিৎসক একটু বাড়িয়েই বলেছেন। আবারও বিশ্বসেরা হবেন তিনি।কিছুটা ব্যথা নিয়ে খেলছেন, এটা বিশ্বকাপ চলা অবস্থায়ই শোনা গিয়েছিল। পরে সমস্যাটা ধরা পড়ল রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শুরু করার আগে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে। জানা গেল, কাকার হাঁটুর সমস্যাটা জটিল। ৫ আগস্ট সেই সমস্যার সমাধানে অস্ত্রোপচারও করা হলো বেলজিয়ামে। অস্ত্রোপচার শেষেই মার্টেনস বলে দিলেন, কাকার ক্যারিয়ার এখন ঝুঁকির মধ্যে রয়েছে। গত শুক্রবার স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা বললেন, সমস্যা আছে, কিন্তু ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ার মতো কিছু ঘটেনি, ‘মার্টেনস এমনিতে অসাধারণ এক পেশাদার লোক। কিন্তু তিনি একটু বাড়িয়ে বলতে গিয়েই এমন বিপদসংকেত বাজিয়ে দিয়েছেন।’তার মানে কি তেমন কোনো সমস্যা আর নেই? না, সমস্যা আছেই। নিজেই বলছেন, বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেছেন। শুধু বিশ্বকাপে নয়, রিয়ালের হয়েও ব্যথা নিয়ে খেলেছেন ২০০৭ সালের এই ফিফা বর্ষসেরা। আর ব্যথাও শুধু হাঁটুতেও ছিল না, ‘আমি ব্যথা নিয়ে অনেকগুলো ম্যাচ খেলেছি। শুধু জাতীয় দলের হয়ে না, রিয়ালের হয়েও। আর ব্যথা তো শুধু হাঁটুতে নয়, শরীরের আরও অনেক জায়গায় ছিল।’এই ব্যথা আর এসব সমস্যাকে জয় করতে চান কাকা। কিন্তু চোট জয় করে কত দূর এগোতে পারবেন তিনি? আরেকবার কি বিশ্বসেরা হওয়া সম্ভব? প্রতিশ্রুতি দিলেন, আরেকবার বিশ্বসেরা হয়েই দেখাবেন ৬ কোটি ৫০ লাখ ইউরো চুক্তিতে মিলান ছেড়ে রিয়ালে যাওয়া ব্রাজিল-তারকা, ‘আমি আবারও বিশ্বসেরা হব। আজ এ কথাটা বলা কঠিন। কিন্তু আমি মনে করি, আমি রিয়াল মাদ্রিদেই সফল হব। এক নম্বর হওয়ার জন্যই এই অস্ত্রোপচার।’ ওয়েবসাইট।