আবার বিয়ে আকরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বিয়ের পাগড়ি মাথায় উঠছে ওয়াসিম আকরামের। ১০৪টি টেস্ট ও ৩৫৬টি ওয়ানডে খেলা পাকিস্তানের এই বোলিং কিংবদন্তি জানিয়েছেন, সামনের বছরেই ‘নতুন ইনিংস’ শুরু করবেন। কনে শ্যানিয়েরা টমসন অস্ট্রেলিয়ান, পেশায় গণযোগাযোগ পরামর্শক।কদিন আগে গুজব রটেছিল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে আকরামের। তবে খবরটা উড়িয়ে দিয়ে সাবেক পাকিস্তান অধিনায়ক দাবি করেছিলেন, দুজনের সম্পর্কটা স্রেফ বন্ধুত্বের। টমসনকে বিয়ে করতে যাওয়ার ঘোষণা দিয়ে ওই দাবিটাকেই প্রতিষ্ঠিত করলেন আকরাম। অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে মেলর্বোনের ৩০ বছর বয়সী মেয়েকে নাকি হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন আকরাম। আবেদন যে মঞ্জুর হয়েছে সে তো বলা বাহুল্য! ইংল্যান্ড থেকে ৪৭ বছর বয়সী আকরাম জানিয়েছেন, ‘শ্যানিয়েরাকে আমি দেড় বছর ধরে চিনি। হ্যাঁ, আগামী বছর আমরা বিয়ে করছি। আমি ভাগ্যবান, আমি জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি। আমার বাচ্চাদের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাচ্চারা দারুণ উত্তেজিত। আমার শ্বশুরবাড়ির (সাবেক) লোকদের সঙ্গেও ওর দেখা হয়েছে। তারাও ব্যাপারটা অনুমোদন করেছে। এটা হতে যাচ্ছে নতুন জীবন, নতুন শুরু। আমি মনে করি, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনায় আমরা ভালো থাকব।’ আকরাম জানিয়েছেন, ধর্মান্তরিত শ্যানিয়েরা বিয়ের পর পাকিস্তানেই থাকবেন। দুই ছেলেকে রেখে ২০০৯ সালে মারা যান আকরামের প্রথম স্ত্রী হুমা। এএফপি।