আবার বুলেটের সামনে পিয়েনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান হওয়া মাত্র গুলির শব্দ শুনেছেন। রক্তের গন্ধ পেয়েছেন। বর্ণবাদী হামলায় গুলি খেয়ে মরতে দেখেছেন প্রিয়তম বন্ধুকে। বাসার চেয়ার-সোফায় বসতেন না; যদি জানালা দিয়ে গুলি ছুটে আসে! মেঝেতে বসে টিভি দেখতে দেখতে গুলির শব্দ শুনতেন। আজও গুলির শব্দ শুনতে পাচ্ছেন স্টিভেন পিয়েনার। ছোটবেলায় শুনতেন বর্ণবাদী দাঙ্গায় চলা গুলির শব্দ। এখন শুনছেন, সংবাদমাধ্যমের ছোড়া গুলির শব্দ। চারদিক থেকে গুলির মতো ছুটে আসছে ধিক্কার, ‘তোমরাই ডোবাবে বিশ্বকাপটাকে।’ছোটবেলায় গুলির শব্দকে ভয় পাননি। এবারও পাচ্ছেন না। চোয়ালটা শক্ত করে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভরসা পিয়েনার তাই জানিয়ে দিলেন, ‘প্রথম পর্ব পার হয়ে আরও কিছুদূর যাওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা। আমি বিশ্বাস করি, আমরা ভালো করব।’বিশ্বকাপে সব সমালোচনার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকানদের হাতে অস্ত্র মাত্র দুটি—দারুণ অভিজ্ঞ কোচ কার্লোস আলবার্তো পাহেইরা ও দেশটির একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকা স্টিভেন পিয়েনার।এভারটনের এই উইঙ্গার পিয়েনারের চলতি মৌসুমের পারফরম্যান্স আরও বেশি উৎসাহিত করছে বাফানা বাফানাদের। এই মৌসুমে এভারটনের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। শোনা যাচ্ছে চেলসি, ম্যানইউ ও আর্সেনালের মতো দল থেকে আগামী মৌসুমে ডাক পেতে যাচ্ছেন। এসব কি চাপ বাড়িয়ে দিচ্ছে না পিয়েনারের ওপর? চাপ! চাপ ব্যাপারটাকে সেই ছোটবেলা থেকে উড়িয়ে দিতে শিখেছেন সাদা-কালো লড়াই দেখতে দেখতে বেড়ে ওঠা এই ফুটবলার। জোহানেসবার্গের বাইরেই কালো অধ্যুষিত এক শহরে মা আর বোনের সঙ্গে থাকতেন পিয়েনার। ছোট্ট ছেলেটিকে বাসায় রেখে যাওয়ার সময় মা বলে যেতেন, চেয়ারের ওপর বসা যাবে না। এখনো সেই সময়ের কথা মনে পড়ে তাঁর, ‘কখন জানালা দিয়ে বুলেট ছুটে আসবে, কেউ জানত না। জানালার নিচে মেঝেতেই নিরাপদ ছিলাম আমরা। সোফায় বসা মানেই জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলা।’এমন লড়াই করে যে মানুষ বেঁচে থাকে, তাঁর কাছে ‘চাপ’ ব্যাপারটা বড় হওয়ার কথা নয়। হচ্ছেও না। দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের সেরাটাই খেলতে চান। তাই বলে নিজেকে জাহির করার কোনো ইচ্ছে আবার নেই পিয়েনারের। বারবার মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বকাপ দলের আর সব সদস্যের মতোই তিনি সাধারণ একজন। দলের ওপর তাঁর অসাধারণ বিশ্বাস। আর সেই দলের সদস্য হতে পেরেই গর্বিত পিয়েনার, ‘দল কখনোই এর চেয়ে বেশি উজ্জীবিত ছিল না। খেলোয়াড়েরা সবাই এখন আত্মবিশ্বাসী। আমরা প্রস্তুত। আমি এই দলের একজন সদস্য। মনে রাখবেন, ফুটবল ১১ জনের খেলা, একজনের নয়।’যতই বলুন পিয়েনার, দক্ষিণ আফ্রিকা এই একজনের দিকেই তাকিয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকা একজনের কাছেই সব ‘গুলি’র জবাব চাইবে! এএফপি, ওয়েবসাইট।