এমনিতে তাঁর প্রবল আগ্রহ ঘোড়দৌড়ে। তবে অ্যাশেজের লর্ডস টেস্টেও মোটামুটি নিয়মিত মুখ রানি দ্বিতীয় এলিজাবেথ। অ্যাশেজের সর্বশেষ লর্ডস টেস্টে (২০০৯) এসেছিলেন দ্বিতীয় দিনে। সঙ্গে বয়ে এনেছিলেন যেন ইংল্যান্ডের সৌভাগ্যও। ২ উইকেটে ১০৩ থেকে অস্ট্রেলিয়া হয়ে গিয়েছিল ৮ উইকেটে ১৫২। সেই ধাক্কা আর সামলাতে পারেনি রিকি পন্টিংয়ের দল। ৭৫ বছর পর ‘হোম অব ক্রিকেটে’ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বাদ পেয়েছিল ইংল্যান্ড।রানি এবার এলেন প্রথম দিনেই। দুই দলের সঙ্গে হাত মেলালেন খেলা শুরুর আগে। রানির এই আনুষ্ঠানিকতার জন্যই টস হলো নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে, খেলা শুরু হলো ১৫ মিনিট দেরিতে। তবে ইংল্যান্ড নয়, ‘রানি সৌভাগ্যের’ ছোঁয়া এবার পেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান রাজতন্ত্রেরও তো প্রধান তিনি! রানি গ্যালারিতে নড়েচড়ে বসতে না-বসতেই নেই ইংল্যান্ডের ৩ উইকেট! অবশ্য সৌভাগ্য বয়ে আনার কৃতিত্বের ভাগ দাবি করতে পারেন স্টিভ ওয়াহও। লর্ডস টেস্ট শুরুর ঐতিহাসিক ঘণ্টাটি তো বাজালেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কই! তথ্যসূত্র: স্টার ক্রিকেট।তবে সেই সৌভাগ্যের ছায়ায় খুব বেশি সময় থাকতে পারেনি অস্ট্রেলিয়া। এই ইংল্যান্ড যে ভাগ্যকেও নিজেদের পক্ষে আনতে জানে! জোনাথন ট্রটের ব্যাটে প্রতিরোধের শুরু। ট্রেন্ট ব্রিজে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেঞ্চুরির পর ইয়ান বেল করলেন আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি। সঙ্গে জনি বেয়ারস্টোর দারুণ এক ইনিংসে উল্টো চাপে পড়ে গেল অস্ট্রেলিয়াই। স্টিভ স্মিথের হাত ধরে শেষ বিকেলে দিনটি আবার হেলে পড়ল অস্ট্রেলিয়ার দিকে।এমনিতে লর্ডসে অস্ট্রেলিয়ার রেকর্ড দুর্দান্ত, ৩৬ টেস্টে ১৬ জয়, মাত্র ছয়টিতে হার। এবার কন্ডিশনটাও যেন অস্ট্রেলিয়ান। মনে করা হচ্ছে ইতিহাসের ‘উত্তপ্ততম’ লর্ডস টেস্ট এটাই, ইংল্যান্ডজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। খটখটে উইকেটে শুরুতে ব্যাটিং করা আর শেষ ইনিংসে ব্যাটিং এড়ানো ছিল দুই দলেরই চাওয়া। সেই চাওয়া পূরণ হয়েছে অ্যালিস্টার কুকের, টানা পঞ্চম টেস্টে টস হেরেছেন মাইকেল ক্লার্ক। তবে নতুন বলে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ান পেসাররা। বিশেষ করে ১৫ মাস পর ফেরা রায়ান হ্যারিস। চোটের কারণে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার ৩৭ টেস্টের মাত্র ১৩টি খেলতে পেরেছেন। তবে যখনই ফিট হয়ে মাঠে নেমেছেন, দুর্দান্ত বোলিং করেছেন সব সময়ই। যেমন করলেন কাল। এক ওভারেই ফিরিয়েছেন জো রুট ও কেভিন পিটারসেনকে। কুককে ফিরিয়ে আগেই প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন ওয়াটসন। ইংল্যান্ড তখন ৩ উইকেটে ২৮, টালমাটাল ইনিংসটার হাল ধরেন ট্রট ও বেল। তৃতীয় উইকেটে গড়েন ১০১ রানের জুটি। লাঞ্চের পরপর ট্রটকে নিজের ৫০তম টেস্ট শিকার বানান হ্যারিস। তবে বেল ছিলেন দৃঢ়প্রতিজ্ঞার প্রতিমূর্তি, যোগ্য সঙ্গী পেয়ে যান বেয়ারস্টোকে। ১৯তম সেঞ্চুরির পথে বেল পেরিয়েছেন লর্ডসে হাজার রান। নতুন বলের অপেক্ষায় সময় কাটাতে ক্লার্ক বল তুলে দিলেন স্মিথের হাতে। কাজ হলো ভেলকিবাজির মতো। প্রথম ওভারেই বেলকে ফিরিয়ে ভাঙলেন ১৪৪ রানের পঞ্চম উইকেট জুটি। পরের ওভারে বেয়ারস্টোকেও! ২১ রানে সিডলের বলে বোল্ড হয়েও নো বল হওয়ায় বেঁচে যাওয়া বেয়ারস্টো শেষ পর্যন্ত ফিরতি ক্যাচ দিলেন স্মিথের লোপ্পা ফুলটসে। পরে প্রায়রকেও ফেরালেন স্মিথ, তাঁর সাত টেস্ট উইকেটের ছয়টিই এখন লর্ডসে!ইংল্যান্ড তিন শ ছুঁই ছুঁই, অস্ট্রেলিয়ার প্রাপ্তি সাত উইকেট—লর্ডসের প্রথম দিনেই ইঙ্গিত জমজমাট আরেকটি টেস্টের!