আড়াআড়ি বুকের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে। বাকি চুলগুলোও এই কদিনের মধ্যে বকসাদা হয়ে গেছে। মুখে রক্তিম আভা। ক্লদিও রানিয়েরিকে দেখাচ্ছিল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষদের একজন!দেখানোরই কথা। ইন্টার মিলান যে আবারও ফিরে গেছে ব্যর্থতার বৃত্তে। লিগে টানা সাত জয় দিয়ে ১৭ নম্বর থেকে চারে উঠে এসেছিল ইন্টার। সেই তারা সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই হারল। সর্বশেষ পরাজয় এল পরশু। পয়েন্ট টেবিলের তলানির দল বোলোনিয়ার কাছে নিজেদের মাঠে ইন্টার ডুবল ০-৩ গোলের লজ্জায়। প্রথমার্ধে ৬০ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে ইন্টারকে যেন হতবুদ্ধি করে দিয়েছিলেন মার্কো ডি ভাইয়ো। ৩৭ আর ৩৮ মিনিটে এসেছে গোল দুটি। ৮৫ মিনিটে সর্বনাশের চূড়ান্ত করেন রবার্ট আকুয়াফ্রেসকা। নিজ সমর্থকদের দুয়ো শুনে মাথা হেঁট করে মাঠ ছাড়ে রানিয়েরির দল।গত ছয় ম্যাচের পাঁচটিতেই তারা গোল করতেও ব্যর্থ হয়েছে। এই সময় করেছে চারটি গোল, একই ম্যাচেই এই চার গোল করেছিলেন ডিয়েগো মিলিতো। পালের্মোর বিপক্ষে সে ম্যাচটাও হয়েছিল ড্র। অন্যদিকে এই সময় ইন্টার গোল হজম করেছে ১৫টি!২০০৬ থেকে ২০১০—টানা পাঁচ বছর লিগ জিতেছে ইন্টার। এর মধ্যে ২০১০ সালে জিতেছে ছয়টি ট্রফির পাঁচটিই—ইতালিয়ান লিগ, চ্যাম্পিয়নস লিগ, কাপ, ইতালিয়ান সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ। সেসবই এখন মনে হচ্ছে সুদূর অতীতের কোনো ঘটনা।২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে ইন্টার। শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে তাদের ব্যবধান ১১ পয়েন্টের। ব্যবধানটি আজ আরও বাড়িয়ে নিতে মিলান মুখোমুখি হচ্ছে সেসেনার। রানিয়েরি অবশ্য শিরোপার আশা ছেড়েই দিয়েছেন। ইন্টার কোচের বরং এখন ভয় হচ্ছে, শেষে না ইউরোপা লিগেও জায়গা করতে ব্যর্থ হয় তাঁর দল! এই ম্যাচের পর ক্ষমা চেয়ে রানিয়েরি বলেছেন, ‘আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এর দায় আমাদের নিতেই হবে। আমি ক্লাব প্রেসিডেন্ট ও সমর্থকদের কাছে ক্ষমা চাই। ২-০ হওয়ার পরেই আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু তৃতীয় গোলটি হওয়ার পরই সব শেষ হয়ে যায়। আরও বেশি করে খারাপ লাগছে, কারণ এটি আমাদের টানা তৃতীয় পরাজয়।’ এএফপি।