আবার মন্ত্রীর কাছে হকি খেলোয়াড়েরা
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে কাল আবার দেখা করতে গিয়েছিলেন হকি খেলোয়াড়েরা। কিন্তু মন্ত্রী সময় দেননি। খেলোয়াড়দের বলেছেন শনিবার (আগামীকাল) যোগাযোগ করতে। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘সাত দিন আগে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা দেখা করার পর তিনি ৫-৬ দিন সময় নিয়েছিলেন। এই সময়ের মধ্যে ফেডারেশন সভাপতি ও ক্লাবগুলোর সঙ্গে কথা বলে দলবদলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনো সমাধান না পেয়ে আমরা আবার মন্ত্রীর কাছে গিয়েছি।’এরই মধ্যে হকি ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে। তারা দ্রুতই দলবদল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বয়কট করা মোহামেডানের নেতৃত্বাধীন ছয়টি ক্লাব বর্তমান কমিটির অধীনে দলবদল করবে না বলেছে। ফলে সংকট কাটছেই না। মন্ত্রীর দরবারে দৌড়াদৌড়ি করে সমাধান খুঁজছেন খেলোয়াড়েরা। তবে ছয় ক্লাব দল বদল করবে না ঘোষণায় অনড়ই আছে। যে কারণে খেলোয়াড়েরা পড়েছেন মহাবিপাকে।