আবার মাঠের বাইরে মেসি

মেসিই বার্সেলোনার সবচেয়ে ফিট খেলোয়াড়—একসময় সগৌরবে এই ঘোষণা দিতেন গার্দিওলা-ভিলানোভারা। অথচ জেরার্ডো মার্টিনোর কী পোড়া কপাল! বার্সার দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টাইন কোচের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন সেই মেসি। কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে মেসি আরও একবার মাঠ ছাড়লেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরশু রিয়াল বেটিসের বিপক্ষে চোট পেয়েছেন বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ে। এ নিয়ে এ মৌসুমেই তিনবার চোটের কারণে মাঠ ছাড়তে হলো তাঁকে।
পরশু মাত্র ২০ মিনিট খেলেই মাঠ ছেড়েছেন। এবারের চোটটা অন্য পায়ে বলে প্রথমে সেটিকে গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে, চোটটা বেশ গুরুতর। বাঁ ঊরুর হ্যামস্ট্রিং পেশি ছিঁড়ে গেছে। ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে এটা। মানে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের এ বছর আর মাঠে নামা হচ্ছে না। এখনো পর্যন্ত লিগে ১১ ম্যাচে ৮ গোল আর সব মিলিয়ে ১৬ ম্যাচে ১৪ গোল নিয়েই তাঁকে শেষ করতে হচ্ছে মৌসুমের প্রথমার্ধ।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মেসিকে ছাড়া বার্সেলোনা বার্সেলোনার মতো খেলতে পারবে কি না? পরশু ম্যাচ শেষেই কোচ মার্টিনোকে দিতে হয়েছে এই প্রশ্নের উত্তর। মেসিকে ছাড়াই বেটিসকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। কোচ বললেন, ‘আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় তো আছেই। তার পরের ছয় থেকে সাতজন বিশ্বসেরা খেলোয়াড়ও আমাদের দলে। কাজেই একজন কোচ হিসেবে মেসির অনুপস্থিতিকে না জেতার অজুহাত দেওয়া ঠিক হবে না।’
মুখে যা-ই বলুন, মেসিকে দীর্ঘ সময়ের জন্য হারানোর সংবাদ বার্সা কোচকে অবশ্যই ভেতরে ভেতরে দুর্বল করে দিয়ে থাকবে! আর মেসির অনুপস্থিতিতে দলের খেলায় কতটুকু প্রভাব পড়ে, গত মৌসুমের উদাহরণ তো আছেই। গার্দিওলা-ভিলানোভাদের ‘দলের সবচেয়ে ফিট মেসি’ যে এখন ধারাবাহিকভাবে চোটে ভুগছেন, তার শুরুটা গত মৌসুমে। ২ এপ্রিল, প্যারিস সেন্ট-জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথম চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগেও। এরপর আবার মাঠে ফিরলেও ১২ মে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচেও মাঠ ছাড়তে বাধ্য হন। মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলতেই পারেননি।
সময়টা আসলেই খারাপ যাচ্ছে মেসির। এএফপি।