আবার মুখোমুখি নাদাল-ফেদারার
আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান টেনিস জগতের দুই সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল ও রজার ফেদারার। মাদ্রিদ মাস্টার্সের সেমিফাইনালে ২৪তম বারের মতো মুখোমুখি হবেন এই দুই টেনিস তারকা।মাদ্রিদ মাস্টার্সের শেষ আটের লড়াইয়ে ফরাসি মিচেল লোদরার বিপক্ষে খুব অনায়াস জয় পেয়েছেন রাফায়েল নাদাল। ৬-২, ৬-২ সেটের জয় তুলে আনতে এক ঘণ্টারও কম সময় লেগেছে এই এক নম্বর টেনিস তারকার। অন্যদিকে দুইবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী রবিন সোডার্লিংয়ের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রজার ফেদারারকে। শেষ পর্যন্ত তিনি পেয়েছেন ৭-৬ (৭-২), ৬-৪ সেটের জয়।মাদ্রিদ মাস্টার্সে এবার তৃতীয়বারের মতো মুখোমুখি হবেন নাদাল-ফেদারার। এর আগে ২০০৯ সালের ফাইনালে নাদালকে হারিয়ে শিরোপা হাতে নিয়েছিলেন ফেদারার। আর গত বছর ফেদারারকে হারিয়ে শিরোপাটা নিজের দখলে নিয়েছিলেন স্প্যানিশ তারকা নাদাল। এবারও শেষ চারের লড়াইটা একটা স্মরণীয় ম্যাচ হবে বলে মনে করছেন ফেদারার। তিনি বলেছেন, ‘এটা হবে আমাদের দুজনের জন্যই একটা স্মরণীয় ম্যাচ। এটা হবে নাদালের নিজের দেশে। আমি এই ম্যাচটা নিয়ে খুবই উত্তেজিত। সে খুবই দুর্দান্ত খেলছে। আর আমিও আমার সেরা খেলাটাই খেলার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি ম্যাচটাতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমি ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারব।’ ওয়েবসাইট।