আবার মেসি, সেই বার্সা
চাপ? এটা আবার কী?কথাগুলো কারও কণ্ঠে ধ্বনিত হয়নি। প্রতিধ্বনিত হয়েছে স্প্যানিশ লিগে রিয়াল মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার পরশুর খেলায়। আরেকবার আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে মায়োর্কার মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে কাতালানরা। রিয়াল কিন্তু দেপোর্তিভোর মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। গোলশূন্য ড্র করে ফিরেছে হোসে মরিনহোর দল।আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হেরে যাওয়া, স্প্যানিশ লিগে আগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কষ্টেসৃষ্টে জেতা। ইনজুরিতে পড়েছেন জাভি, পুয়োল, ভালদেস। চারদিকে বলাবলি হচ্ছিল, বার্সেলোনা এবার চাপে পড়ে গেছে। কিন্তু চাপকে ফুঁ দিয়েই উড়িয়ে দিল বার্সা।বার্সেলোনার আর সব জয় অথবা ভালো খেলায় মেসিই যেমন প্রাণভোমরা থাকেন, এ ম্যাচেও তাই ছিলেন। বার্সেলোনা প্রথমার্ধ থেকেই যে মায়োর্কার ওপর চড়াও হলো, তা মেসির নেতৃত্বেই। চোটের কাছে জাভি-পুয়োল-ভালদেস এবং নিষেধাজ্ঞার খড়্গে দানি আলভেজকে হারানো বার্সাকে একটু অপরিচিতই লাগছিল প্রথমার্ধে। অনেকেই ভাবছিল, চাপে পড়া বার্সা ভেঙেও পড়তে পারে। কিন্তু মেসি সব শঙ্কা দিলেন উড়িয়ে।দলকে প্রথম এগিয়ে দিয়েছেন তিনিই। ৩৮ মিনিটে সেইডু কেইটার দারুণ এক পাসে হেড করে প্রথম গোলটি করেছেন মেসি। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ভিয়া। ১৩ মিনিট দূরপাল্লার শটে অসাধারণ এক গোল করে স্কোরলাইন ৩-০ করেন পেদ্রো রদ্রিগেজ।ম্যাচ শেষে বার্সা কোচ পেপ গার্দিওলা শংসাবাণী দিলেন মেসি আর কেইটার জন্য, ‘আরও একটা দারুণ ম্যাচ কাটল মেসির। কেইটাকেও ধন্যবাদ জানাতে হয়। দারুণ খেলেছে ও। আমি খুশি।’মেসির আরেকটা ভালো ম্যাচ মানে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে আরেকটু এগিয়ে যাওয়া। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যে প্রতিযোগিতা চলছে দুজনের, তাতে এগিয়ে মেসি। ২৬ গোল তাঁর, রোনালদোর গোল ২৪।দলগতভাবেও রোনালদোর দলের চেয়ে এগিয়ে মেসির দল। ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট বার্সেলোনার। রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৬১। রিয়াল কোচ মরিনহোকে দিতে হচ্ছে নানা কথার উত্তর। তবে বিচলিত হচ্ছেন না তিনি, ‘আমাদের এগোতে হবে নিজেদের মতো করে। আমরা যদি লিগ না জিতি এবং সবকিছুু বদলে দিতে পারি, তাহলে আবার আগের মতোই হবে।’ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠ ছেড়েছে জয় নিয়ে। হার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে ওয়েইন রুনি ও ফ্যাবিও ডি সিলভার গোল উইগানের বিপক্ষে ম্যানইউকে জিতিয়েছে ৪-০ গোলে। তবে ইতালিয়ান সিরি ‘আ’তে জুভেন্টাস বোলোনিয়ার কাছে হেরেছে ২-০ গোলে। এএফপি।