আবার মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘এল ক্লাসিকো’। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ফুটবলপ্রেমীরা। অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। আগামী শনিবারেই স্প্যানিশ লিগের খেলায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে ইউরোপের শীর্ষ এই দুই ক্লাব। এই ম্যাচটাকে স্প্যানিশ লিগের শিরোপা-নির্ধারক লড়াই হিসেবেই বিবেচনা করছেন অনেকে। সেই সঙ্গে এই লড়াইটা হবে এ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোরও। স্প্যানিশ লিগে ৪১টি গোল করে দুজনই আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। কে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনটা দখলে রাখতে পারবেন, সেই লড়াইটার দিকেও আগ্রহভরে তাকিয়ে আছে গোটা ফুটবলবিশ্ব।লা লিগার ৩৩ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। মাত্র ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে টানা চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বাদ নিতে পারবে কাতালানরা। অন্যদিকে বার্সেলোনাকে হারের স্বাদ দিতে পারলে শিরোপা জয়টা প্রায় নিশ্চিতই হয়ে যাবে রিয়ালের। লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে তাই এই এল ক্লাসিকোটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এল ক্লাসিকোর লড়াইটা এ সময়ের দুই সেরা স্ট্রাইকার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোরও। বরাবরের মতো এই মৌসুমেও দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। লা লিগায় দুজনেরই গোলসংখ্যা ৪১। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে খানিকটা এগিয়ে আছেন লিওনেল মেসি। তাঁর গোলসংখ্যা ৬৩। রোনালদোর ৫৩। আর মাত্র ৪টি গোল করতে পারলেই নতুন একটা রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন মেসি। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ে তিনি বসতে পারবেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে। ১৯৭২-৭৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬৭টি গোল করেছিলেন মুলার। স্প্যানিশ লিগের শিরোপা-নির্ধারণী এই ‘এল ক্লাসিকো’ জয়ের জন্য যে বার্সা-রিয়াল দুই দলই আপ্রাণ চেষ্টা করবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নিজেদের সেরা খেলাটা দেখিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা থাকবে মেসি-রোনালদোরও। এই ‘এল ক্লাসিকো’টি তাই এ সময়ের সেরা দুই ফুটবলারেরও লড়াই। শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসতে পারবে, তা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ফুটবলপ্রেমীদের। রয়টার্স।