আবার যমজ সন্তানের বাবা হলেন ফেদেরার

ভাগ্য যেন দু হাত উজাড় করেই দেয় রজার ফেদেরারকে। তাঁর মতো শিরোপা টেনিস ইতিহাসে আর কেউ জেতেনি। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিকের ব্যক্তি জীবনও কানায় কানায় পূর্ণ। ২০০৯ সালের জুলাইয়ে যমজ সন্তানের বাবা হয়েছিলেন। সেবার জন্ম নিয়েছিল দুই মেয়ে রিভা ও রোজ। এবার জন্ম নিল দুই ছেলে লিও ও লেনি।
একটু আগেভাগেই পৃথিবীর আলো দেখল এই দুই যমজ ভাই। ফেদেরারকে তাই মাদ্রিদ মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করে নিতে হয়েছে। গতকাল মঙ্গলবার এই সুখবর দিয়ে ফেদেরার বলেছেন, ‘মিরকা আর আমি এই সংবাদ আপনাদের জানাতে পেরে খুবই খুশি যে লিও আর লেনি এই সন্ধ্যায় জন্মেছে।’ টুইটারে দেওয়া এই বার্তায় ফেদেবার টুইনসএগেইন দিয়ে হ্যাশ ট্যাগও (#) দেন।
ফেসবুক পেজে ফেদেরার লিখেছেন, ‘আমার পরিবারের জন্য রোমাঞ্চকর আগামী কয়েকটি সপ্তাহ মিরকার পাশেই কাটাব জন্যে মাদ্রিদ থেকে নাম প্রত্যাহার করছি।’ ২৫ মে থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। মাটির কোর্টে আরেকটু খেলে নেওয়া ফেদেরারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে নবজাতকদের পাশে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আর কিছু হতে পারে না।