আবার রঙিন পোশাকে ক্যালিস
বয়স পেরিয়েছে ৩৮। টেস্টে আরও বছর দুয়েক তাঁকে পেতে চায় দল। ভাবনায় আছে আগামী বিশ্বকাপটাও। ওয়ানডে ক্রিকেট তাই অনেক দিন ধরেই বেছে বেছে খেলছেন জ্যাক ক্যালিস। সর্বশেষ খেলেছিলেন ২১ মাস আগে! তবে আবারও দক্ষিণ আফ্রিকার সবুজ পোশাকে দেখা যাবে তাঁকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারকে। তিন ম্যাচের সিরিজটি শুরু ২৪ নভেম্বর, কেপটাউনে।
ক্যালিস সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপের পর গত আড়াই বছরে খেলেছেন মাত্র সাতটি ওয়ানডে। ক্যালিস ফেরায় কোনো একজনকে বাদ দেওয়ার ঝামেলায় যেতে হয়নি অ্যান্ড্রু হাডসনের নির্বাচক কমিটিকে। বিয়ে এবং মধুচন্দ্রিমার জন্য সিরিজ থেকে ছুটি নিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। চোট কাটিয়ে গ্রায়েম স্মিথ ফেরায় বাদ পড়েছেন আলভিরো পিটারসেন। আর ইমরান তাহিরের দুর্দান্ত ফর্মে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার রবিন পিটারসন। ওয়েবসাইট।