আবার রুনি, আবারও ম্যান ইউ
গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন। কাল আবারও জোড়া গোল করলেন ওয়েইন রুনি। তাঁর দুই গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগেও জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। কাল তারা ৩-০ গোলে হারিয়েছে ফুলহামকে। অন্য গোলটি দিমিতার বারবেতভের। এই জয়ে চেলসিকে সরিয়ে আবারও শীর্ষে ওঠে এল ম্যান ইউ।চেলসিকে অবশ্য শীর্ষে তুলেছিলেন দিদিয়ের দ্রগবা। তাঁর জোড়া গোলে ওয়েস্টহামকে ৪-১ গোলে হারায় চেলসি। হালের বিপক্ষে আর্সেনাল জেতে বেন্টনারের অন্তিম মুহূর্তের গোলে।গত সপ্তাহে উলভারহাম্পটনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টে চেলসিকে ছুঁয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকার কল্যাণে ১ নম্বরে উঠে গিয়েছিল ম্যান ইউ। হারানো শীর্ষস্থানটা পরশু ফিরেও পেয়েছিল চেলসি। কিন্তু সেটির স্থায়িত্ব ছিল মাত্র এক দিন। ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে তারা। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যান ইউ। আর এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। কদিন আগে আফ্রিকার বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে দ্রগবা প্রতিপক্ষদের হুঁশিয়ার করে দিয়েছিলেন, আরও ভালো করতে উন্মুখ হয়ে আছেন তিনি। পরশু তাঁর খেলায় যেন ছিল ওটারই প্রতিফলন। ১৬ মিনিটে অ্যালেক্সের গোলে এগিয়ে যাওয়ার পর ৩০ মিনিটে পার্কারের গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম। এর পরই শুরু দ্রগবা-জাদু। ৫৬ ও ৯০ মিনিটে দুই গোল করেন। তবে ৭৭ মিনিটে মালুদার গোলে পরোক্ষ অবদানও রাখেন আইভরিয়ান স্ট্রাইকার।ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই দ্রগবা-বন্দনায় মেতেছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘আজ (শনিবার) দ্রগবা দুর্দান্তই খেলেছে।’ আনচেলত্তির কথার প্রতিধ্বনিই যেন তুললেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও, ‘এখন গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়ে সবকিছু ঠিকঠাক হচ্ছে ভেবে আনন্দই হচ্ছে আমার।’সত্যিই সবকিছু যেন আর্সেনালের পক্ষে যাচ্ছে। আর না হলে হাল সিটির সমর্থকেরা যখন ড্রয়ের আনন্দ শুরু করে দিয়েছে, ইনজুরি সময়ের সেই শেষ মিনিটেই বেন্টনারের জয়সূচক গোলটি আসবে কেন? আন্দ্রেই আরশাভিনের ১৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনালই। পেনাল্টি থেকে ২৮ মিনিটে সেই গোল শোধ করে দেয় হালের বালার্ড। এরপর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল শোধ দেন বেন্টনার। এদিকে আরিয়েন রোবেনের জোড়া গোলে জার্মান বুন্দেসলিগায় অবনমন এলাকার দল ফ্রেইবুর্গের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। শালকে জিরো ফোরের হাতে ওঠা শীর্ষস্থানটাও ফিরে পেয়েছে তারা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা শালকের পয়েন্ট ৫৪। এএফপি, ওয়েবসাইট।