আবার রুনির ‘সামান্য’ ইনজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি, ইনজুরি আর ইনজুরি। ফ্যাবিও ক্যাপেলোর মাথায় এখন এই শব্দই ঘুরপাক খাওয়ার কথা। ইনজুরিতে শেষ হয়ে গেছে ডেভিড বেকহামের বিশ্বকাপ। ইনজুরি থেকে সেরে উঠলেও এখনো পর্যন্ত নিশ্চিত নয় গারেথ ব্যারির বিশ্বকাপ দলে থাকা। এর মধ্যে আবারও ইনজুরির খবর শোনালেন ওয়েইন রুনি!টানা ইনজুরির কবলে পড়া রুনি মেক্সিকোর বিপক্ষে ম্যাচে এবার চোট পেয়েছেন ঘাড়ে। ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের জেতা এই ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঘাড়ে ব্যথা পেয়েছেন প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এর আগেই ইংল্যান্ডের খেলোয়াড় বদলির কোটা শেষ হয়ে যাওয়ায় রুনিকে তুলে নেওয়াও সম্ভব হয়নি। ফলে ওয়েম্বলিতে সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে মাঠেই থাকতে হয়েছে তাঁকে। অবশেষে সবাইকে উদ্বেগমুক্ত করেছেন রুনি নিজেই। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগের ম্যাচে দুবার ইনজুরিতে পড়া এবং সেরে উঠতে না উঠতে আবার ধাক্কা খাওয়া রুনি বলছেন, তিনি ভালোই আছেন। এবারের কাঁধের চোটটা দু-এক দিনের মধ্যে সেরে যাবে বলেও আশা করছেন তিনি। নিজের সুস্থতা বোঝাতেই কি না, সবাইকে জানিয়ে দিলেন, ইংল্যান্ডের হয়ে সবগুলো প্রস্তুতি ম্যাচেই খেলবেন, ‘স্বাভাবিকভাবে যেমন করি, প্রতিটি ম্যাচেই খেলতে হবে আমাকে। আমার ওপর কোনো চাপ নেই। আমি প্রত্যিটি ম্যাচেই নিজের সবটুকু দিতে চাই। এখন খুবই ভালো আছি। কাঁধে যে হালকা টান লেগেছিল, ওটা কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’তার মানে বিশ্বকাপে পুরো সুস্থ রুনিকেই পাচ্ছে ইংল্যান্ড। পাচ্ছে অবশ্য পুরো পরিবারকে। ইংল্যান্ড দল সমর্থক হিসেবে গ্যালারিতে তাঁর স্ত্রী কোলেন ও ছেলে কাইকেও পাবে!যদিও সংবাদমাধ্যমের খবর ছিল, এবার বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের স্ত্রী বা বান্ধবী দলের সঙ্গে যাবেন না। গত বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়েরা পথ হারিয়ে ফেলেছিলেন বলে মনে করেন অনেকে। সে কারণেই কোচ ক্যাপেলো এবার স্ত্রী-বান্ধবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু রুনি বলছেন, তাঁর স্ত্রী ও ছেলে চাইলেই দক্ষিণ আফ্রিকা যেতে পারবে। কারণ, তাঁরাও তো ইংল্যান্ডের সমর্থক, ‘তারা চাইলেই যেতে পারবে। আগেও অনেকবার বলেছি, আমি ওদের নিষেধ করব না। তারাও তো ইংল্যান্ডের সমর্থক।’রুনি স্ত্রী-ছেলের যাওয়া নিয়ে কথা বলতে পারছেন। ওদিকে নিজেরই যাওয়া হবে কি না বুঝতে পারছেন না মিডফিল্ডার গারেথ ব্যারি। মে মাসের গোড়ায় টটেনহামের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন ম্যান সিটির এই মিডফিল্ডার। ক্যাপেলো বলেছিলেন, স্ক্যান রিপোর্ট দেখে তিনি সিদ্ধান্ত নেবেন, ব্যারি চূড়ান্ত বিশ্বকাপ দলে থাকবেন কি না। এখনো পর্যন্ত ব্যারির জন্য ইতিবাচক কোনো খবর আসেনি।ওদিকে রিও ফার্ডিনান্ড বলছেন, নার্ভাস সময় অনেকেই কাটাচ্ছেন। এখনো ক্যাপেলো তাঁর ৩০ সদস্যের দলকে ছোট করেননি। এই দল থেকে সাতজনকে বাদ পড়তে হবে। বাদ পড়বেন কারা? তরুণদেরই টেনশন বেশি।এই সময় এবং এই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত ফার্ডিনান্ড। ২০০০ ইউরোতে স্রেফ অভিজ্ঞতা নেই বলে ফার্ডিনান্ডকে চূড়ান্ত দল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন তখনকার কোচ কেভিন কিগান। সেই সময়কে মনে করে ফার্ডিনান্ড বলেছেন, ‘খুব নার্ভাস লাগে এ সময়। একটা চাপ থাকে। সবাই ভালো করতে চায়, বিমানে চড়তে চায়। আমার ধারণা, অনেকেরই এখন এভাবে সময় কাটছে। সবাই এখন কোচকে দেখানোর জন্য কিছু করতে চাইছে। এখনো কোচের চিন্তায় নিজেকে ঢুকিয়ে দেওয়ার সুযোগ আছে।’ এএফপি, ওয়েবসাইট।