ওয়ানডের শীর্ষস্থান কেড়ে নিয়েছিল হারানোর দিন তিনেকের মধ্যেই। এবার দক্ষিণ আফ্রিকার কাছ থেকে টি-টোয়েন্টির শীর্ষস্থানও কেড়ে নিল ইংল্যান্ড। পরশু শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ২৮ রানে হারিয়ে সিরিজ ড্র করার পাশাপাশি ইংল্যান্ড উঠে গেছে র্যাঙ্কিং-শীর্ষে। স্টুয়ার্ট ব্রডের কাছে এই সুখবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে মনোবল বাড়ানোর টনিক। কদিন আগে তিন সংস্করণেই শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা, এখন শীর্ষে শুধু টেস্টেই। পরাজয়েও এবি ডি ভিলিয়ার্স খুঁজছেন ইতিবাচক দিক, যা কাজে লাগবে বিশ্বকাপে!আগের ম্যাচটি ৮ ওভারে নামিয়েই শেষ করা যায়নি। পরশুর ম্যাচ বৃষ্টিতে নেমে এল ১১ ওভারে। ছোট্ট ম্যাচে ইংলিশদের বড় স্কোর এনে দেয় সমারসেট জুটির ব্যাটিং-তাণ্ডব। ওপেনিংয়ে ঝড় তুলেছেন ক্রেইগ কিসওয়েটার, সমান তিনটি চার-ছয়ে ৫০ করেছেন ৩২ বলে। আরেক পাশে নিয়মিত উইকেট তুলে তবু রানটাকে নাগালের মধ্যে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু রং পাল্টে গেল এক ওভারেই। ওয়েইন পারনেলের করা ইনিংসের দশম ওভার থেকেই এল ৩২। ৩ ছয়, ২ চারে জস বাটলার একাই নিলেন ৩০! ১০ বলে ৩২ রানের ইনিংসটায় ম্যাচসেরাও ২২ বছর বয়সী ব্যাটসম্যান।ম্যাচের দৈর্ঘ্য যেমনই হোক, যথারীতি কথা বলেছে হাশিম আমলার ব্যাট। ২৭ বলে ৩৬ রানের ইনিংসটার পথে ইংল্যান্ড সফরের বাউন্ডারির সেঞ্চুরিও ছুঁয়েছেন স্টাইলিশ ওপেনার। তবে পাশে পাননি সতীর্থদের কাউকে। ব্রেসনান (২/১৪) ও সোয়ানের (২/২৪) বোলিংয়ে সহজ জয়েই সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েবসাইট।