আবার লা লিগার রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে কাজটা দারুণ উপভোগ করছেন। শুধু একটাই আক্ষেপ হোসে মরিনহোর। মাঠের বাইরের লড়াইটা ঠিক জমছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে বেশি কী ‘মিস’ করবেন? বলেছিলেন, ‘অ্যালেক্স ফার্গুসন’কে। ফার্গির সঙ্গে কথার যে পাল্টাপাল্টি তোপ দাগাতেন, সেই মজা আসলেই মরিনহো কোথাও পাননি। ইতালিতে তা-ও দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন। স্পেনে তো ঘোলও পাচ্ছিলেন না!পেপ গার্দিওলা শুধু নিপাট ভদ্রলোকই নন, মৃদুভাষীও। ফলে ঠিক জমেনি। তবে শোনা যাচ্ছে টিটো ভিলানোভা নাকি চুপটি মেরে বসে থাকার পাত্র নন। কেউ তির ছুড়লে পাল্টা হিসেবে তির নয়, তিনি গোলাই ছুড়তে ভালোবাসেন। এবার খেলা তাহলে জমল বলে! মাঠের খেলাও জমে উঠছে শিগগিরই। আগামী পরশু শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা অবশ্য পরদিন।নতুন মৌসুম, নতুন লক্ষ্য। রিয়ালের জন্য লক্ষ্য হবে লিগ শিরোপা ধরে রাখা, বার্সার জন্য শিরোপা পুনরুদ্ধার। নতুন কোচ ভিলানোভা কেমন করেন, সেটা দেখারও একটা কৌতূহল আছে সমর্থকদের মধ্যে। গার্দিওলা অবশ্য বিদায়ের আগে নিজের সহকারীকে লেটার নম্বরই দিয়ে গেছেন। দেখা যাক, প্রত্যাশার প্রতিদান ভিলানোভা কতটা দিতে পারেন। মরিনহো-মারণাস্ত্র ঠেকানোর সাধ্য তাঁর আছে কি না।রিয়ালের জন্য নতুন এই মৌসুমে অবশ্য একটা ‘পুরোনো’ লক্ষ্যও থাকবে। চ্যাম্পিয়নস লিগ জয়। সর্বোচ্চ নয়বার ইউরোপ-সেরার মুকুট জেতা রিয়াল সর্বশেষ এই শিরোপা জিতেছে ২০০২ সালে! ভাবা যায়। মরিনহোকে শুধু বার্সার আধিপত্যে ফাটল ধরানোর জন্যই আনা হয়নি; আনা হয়েছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা-খরা ঘোচানোর জন্যও। স্পেশাল ওয়ান তো আসলে চ্যাম্পিয়নস লিগ স্পেশালিস্টও। ভিন্ন দুটি ক্লাবের হয়ে এই শিরোপা জেতা ইতিহাসের মাত্র তৃতীয় কোচ তিনি।সাম্প্রতিক সাক্ষাৎকারে মরিনহো বলেছেনও, ‘এই মৌসুমে আমরা লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিততে চাইব। আমরা লিগ জিতে চ্যাম্পিয়নস লিগে আরও এক ধাপ এগোতে চাই, যেখানে গত দুটি মৌসুমেই আমরা সেমিফাইনালে বিদায় নিয়েছি।’গত মৌসুমে রিয়াল সত্যিই অবিশ্বাস্য খেলেছে। লিগে পয়েন্টের সেঞ্চুরি, ভাবা যায়! গোল করেছে ১২১টি! স্বাভাবিকভাবে প্রত্যাশার পারদ আরও উঁচুতে। মরিনহো অবশ্য এই বলে সেই পারদ নামিয়ে আনতে চাইলেন, ‘এই লিগ খুবই কঠিন। সুন্দর একটা লিগ, এখানে সবগুলো দলই টেকনিকনির্ভর। এ কারণেই আমি স্পেনে এসেছি। আমি সেরা লিগেই থাকতে চাই। তবে এবার কিন্তু চ্যাম্পিয়নরা ১০০ পয়েন্ট পাবে বলে মনে হয় না, ১২০ গোলও করবে না। এই রেকর্ড বরং অনেক দিন ইতিহাসের পাতায় থেকে যাবে।’ইতিহাসের পাতায় থেকে যাবেন গার্দিওলাও। বার্সার হয়ে অবিশ্বাস্য চারটি মৌসুম কাটানোর জন্য। ভিলানোভার মাথার ওপর তাই পাহাড়সমান চাপ। যদিও নতুন কোচ বলছেন, তিনি প্রস্তুত। ‘পেপ’ থেকে ‘টিটো’ অধ্যায়ে বার্সার রূপান্তরটি এতটাই মসৃণ হবে, কেউ নাকি টেরই পাবে না এই পরিবর্তন। কারণ দর্শনে, ধ্যান-ধারণায় তিনি গার্দিওলারই কার্বন কপি। তা ছাড়া সেই দলটাই তো তিনি পাচ্ছেন। পাচ্ছেন অবিশ্বাস্য লিওনেল মেসিকে। ভিলানোভার জন্য একটা সুখবরও আছে—গত মৌসুমের সিংহভাগটাই খেলতে না পারা ডেভিড ভিয়াও ফিরে আসছেন একাদশে। এএফপি।