আবার শিরোপার খোঁজে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান: সামনে ব্যস্ত সময় l ফাইল ছবি
সিদ্দিকুর রহমান: সামনে ব্যস্ত সময় l ফাইল ছবি

দেশে ফিরে মনের মতো অনুশীলন করতে পারছেন না। এক দূতাবাস থেকে আরেক দূতাবাসে ঘুরছেন। পাসপোর্ট হাতেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে গলফার সিদ্দিকুর রহমানকে। কাল তো দিনের বেশির ভাগ সময় ব্যস্ত ছিলেন ফিলিপাইন দূতাবাসে। আবারও যে খেলতে যেতে হবে অন্য কোনো টুর্নামেন্টে, অন্য কোনো দেশে!
টানা পাঁচটি টুর্নামেন্ট খেলে গত সোমবার দেশে ফিরেছেন সিদ্দিকুর। আগামী রোববার যেতে পারেন ভারতে। দিল্লি গলফ ক্লাবে ৫-৮ নভেম্বর খেলবেন প্যানাসনিক ওপেনে। এরপর সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্ল্যাসিক চ্যাম্পিয়নশিপ এবং ফিলিপাইনে রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে খেলার কথা তাঁর। এ ছাড়া ডিসেম্বরে খেলতে চান এশিয়ান ট্যুরের বাকি তিনটি টুর্নামেন্টেও।
এ বছর ১৩টি টুর্নামেন্টে খেলেছেন সিদ্দিকুর। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না দুটি এশিয়ান ট্যুরজয়ী গলফার। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। যতটা সম্ভব টুর্নামেন্টে অংশ নেওয়াই তাঁর লক্ষ্য, ‘যদি সুস্থ থাকতে পারি আল্লাহর রহমতে ৯৯ ভাগ টুর্নামেন্টেই খেলব।’ এ বছর তাঁর উইনার ক্যাটাগরিতে খেলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তাঁকে ভরসা দিচ্ছে অর্ডার অব মেরিট। সিদ্দিকুর বর্তমান এশিয়ান অর্ডার অব মেরিটে ২৮তম স্থানে। ‘উইনার ক্যাটাগরির একটা বাড়তি প্রাধান্য থাকেই। তবে বছর শেষে অর্ডার অব মেরিটের সেরা ৬৫ জনের মধ্যে থাকতে পারলেও কেউ যেকোনো টুর্নামেন্টে খেলতে পারে। সেই হিসাবে আমি যদি বছরের বাকি টুর্নামেন্টগুলো নাও খেলি, তবুও আগামী বছরের জন্য নিশ্চিত’— কাল বললেন সিদ্দিকুর।
তিন বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচানোর দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সিদ্দিকুর। গত মাসে ভেনেসিয়ান ম্যাকাও ওপেনের প্রথম রাউন্ডে ছিলেন লিডারবোর্ডের দুইয়ে। অনেক দিন পর বগিহীন একটা রাউন্ড পার করেছিলেন। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই চ্যাম্পিয়ন হতে পারতেন। কিন্তু টুর্নামেন্টে পরের রাউন্ডেই নেমে যান ত্রিশে! সেদিন পাঁচটি বগি করেন। পিঠের ব্যথাটাই যেন শত্রুতে পরিণত হয়েছে সিদ্দিকুরের, ‘ওই একটা দিনই ওখানে খারাপ খেলেছি। বিশ্বের সেরা অনেক গলফার থাকলেও টুর্নামেন্টে ওদের কিন্তু আমি টপকেছি। কিন্তু পিঠের ব্যথার কারণে সেদিন খেলতেই পারিনি।’ সিদ্দিকুরের মধ্যে এখনো জেতার ক্ষুধাটা তীব্র, ‘আমার মধ্যে জেতার আকাঙ্ক্ষা আছে বলেই এখনো খেলে যাচ্ছি।’
দুই বছর আগে নভেম্বরে দিল্লিতেই জিতেছিলেন সর্বশেষ ট্রফিটা। আগামী নভেম্বরে সেই কোর্সেই খেলা। এবার কি তৃতীয় শিরোপাটা উঠবে সিদ্দিকুরের হাতে?