আবার শীর্ষস্থান হারালেন সাকিব
আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা ওয়ানডে অলরাউন্ডারের লড়াইটা এখন এমন, যেন কে কত খারাপ করতে পারে! জানুয়ারিতে সাকিব আল হাসানের শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে পাকিস্তান অলরাউন্ডারের বাজে পারফরম্যান্সে মার্চে আবার এক নম্বরে উঠে যান সাকিব। এবার জিম্বাবুয়েতে সাকিবের বাজে পারফরম্যান্স শীর্ষে তুলে দিল হাফিজকে। টেস্ট-ওয়ানডে দুটোতেই এখন দুনম্বর অলরাউন্ডার সাকিব।৪২২ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিলেন সাকিব। প্রথম ওয়ানডেতে ১ রানে আউট আর কোনো উইকেট না পাওয়ায় পয়েন্ট কমে দাঁড়ায় ৩৯৯। পরের ম্যাচে ৩৪ রান করার পর ১ উইকেট নিলেও পয়েন্ট কমে হয় ৩৯৫। শেষ ম্যাচের ১৮ রান ও বিনা উইকেট পয়েন্ট নামিয়ে এনেছে ৩৮৭ তে। হাফিজের পয়েন্ট ৪০০। তিন ম্যাচে ৫৩ রান আর ১ উইকেট। তিন ম্যাচের সিরিজ এর চেয়ে বাজে কেটেছে সাকিবের বলতে গেলে একবারই। ২০০৭ সালে শ্রীলঙ্কায় ১ উইকেট নেওয়ার পাশাপাশি রান করতে পেরেছিলেন মাত্র ১৭। তিনে থাকা শেন ওয়াটসনের সঙ্গে সাকিবের ব্যবধান এখন মাত্র সাত পয়েন্ট।দলের সবচেয়ে বড় বিজ্ঞাপনের যে দশা, একই দশা বাংলাদেশ দলের। সিরিজ শুরুর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশ। পিছিয়ে ছিল মাত্র এক পয়েন্টে। সিরিজ হারে সাতে থাকা কিউইদের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্টে। ৮২ পয়েন্ট নিউজিল্যান্ডের, বাংলাদেশের ৭৫। সিরিজ জিতে আট পয়েন্ট পেয়ে দশে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট এখন ৫৫।সিরিজের সেরা ব্যাটসম্যান নাসির হোসেনের জন্য খানিকটা সুখবর দিয়েছে র্যাঙ্কিং। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৩৩ নম্বরে উঠে এসেছেন নাসির। ছয় ধাপ এগিয়ে ৪৯ নম্বরে মাহমুদউল্লাহ। আবদুর রাজ্জাক চমক দেখালেন ব্যাটিংয়ে, বল হাতে সিরিজে উইকেট জুটেছে মাত্র একটি। তার পরও অদ্ভুতভাবে বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। আরেক বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার সঙ্গে এখন যৌথভাবে সাতে রাজ্জাক। এই একটি ছাড়া ব্যাটিং-বোলিংয়ের সেরা দশে নেই কোনো পরিবর্তন। তথ্যসূত্র: আইসিসি ও ওয়েবসাইট।